


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার নিজেদের মাঠে ঘরোয়া লিগের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে মোহন বাগান। এবার তাদের প্রতিপক্ষ খিদিরপুর এফসি। প্রথম ম্যাচে পাঠচক্রের বিরুদ্ধে ৪ গোলের জয় দিয়ে অভিযান শুরু করেছে পালতোলা নৌকা। তার উপর, দলের আক্রমণভাগের ফুটবলাররা সকলেই গোলর স্বাদ পেয়েছেন। বাড়তি পাওনা সায়ন ব্যানার্জির দুরন্ত ফর্ম। প্রথম ম্যাচেই ভরসা জুগিয়েছেন আসানসোলের উইঙ্গার। একটি অ্যাসিস্টের পাশাপাশি লক্ষ্যভেদেও সফল তিনি।
চলতি মরশুমে ঘরোয়া লিগকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে মোহন বাগান। পরিকল্পনামাফিক দল গড়েছে ম্যানেজমেন্ট। সিনিয়র দল থেকে কিয়ান, সুহেল, দীপ্যেন্দুদের পাশাপাশি তন্ময়ের মতো ঘরোয়া লিগের অভিজ্ঞ ফুটবলাররা রয়েছেন। এই দলের প্রধান অস্ত্র আক্রমণ। খিদিরপুরের বিরুদ্ধে তা নিক্ষেপ করেই শুরুতে গোল তুলে নিতে মরিয়া মোহন বাগান। অন্যদিকে, চলতি মরশুমে খিদিরপুরের দায়িত্ব নিয়েছেন মেহতাব হোসেন। তাঁর তত্ত্বাবধানে প্রথম ম্যাচে ভবানীপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে খিদিরপুর। হাতে পুঁজি এক পয়েন্ট। কোচ মেহতাবের মন্তব্য, ‘বড়ো দলের বিরুদ্ধে ভালো খেললে পরিচিতি পাওয়া যায়। সেই চেষ্টাই করবে ফুটবলাররা।’
মোহন বাগান মাঠে বিকেল ৩টেয় ম্যাচ শুরু। সম্প্রচার স্পোর্টস ১০ অ্যাপে।