


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সকালের রোদ বেশ চড়া। তবে মোহন বাগান কোচ সের্গিও লোবেরার ভ্রক্ষেপ নেই। ফ্রি-কিক, কর্নার অনুশীলন চলল পুরোদমে। শনিবার জামশেদপুরের বিরুদ্ধে ডেডবল মুভ থেকে ফায়দা তুলতে মরিয়া স্প্যানিশ কোচ। যুবভারতীতে মুম্বইয়ের বিরুদ্ধে ১৭ টি কর্নার পেয়েছিলেন কামিংসরা। কিন্তু নির্বিষ, বৈচিত্রহীন সেন্টার তুড়ি মেরে ক্লিয়ার করেন নুনো রেইসরা। ম্যাকলারেন আটকালেই বড় সমস্যা। অথচ লোবেরার অস্ত্রাগারে আলবার্তোর মতো ফুটবলার রয়েছেন। রক্ষণ সামলানোর পাশাপাশি হেডে জাল কাঁপানোয় পারদর্শী। কর্নার বা ফ্রি-কিক পেলে নিঃশব্দে বিপক্ষ বক্সে উঠে আসেন স্প্যানিশ ডিফেন্ডার। জামশেদপুরের বিরুদ্ধেও তাঁর দিকে নজর থাকবে। তবে পেত্রাতোসের একবগ্গা সেন্টার বিপক্ষের র্যাডারে ধরা পড়ে যাচ্ছে। সিলেবাসের বাইরে গিয়ে লোবেরা নিশ্চয়ই এবার অন্য কিছু ভাববেন। তবে জামশেদপুর ডিফেন্সেও দীর্ঘকায় স্টিফেন এজে বর্তমান। মোহন বাগান, ইস্ট বেঙ্গলের বাড়া ভাতে ছাই দিয়েছেন বহুবার। চলতি মরশুমে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধেও জাল কাঁপিয়েছিলেন এজে। অন্যদিকে আওয়েন কোয়েলও তৈরি। চোটের কারণে তালালের অনুপস্থতি বড় ধাক্কা।
বৃহস্পতিবার সকালে কলকাতায় অনুশীলন করে টিম বাসে ইস্পাতনগরী পৌঁছায় মোহন বাগান। ম্যাচের আগের দিন টিএফএ’র মাঠে প্রস্তুতি সারবেন দিমিত্রি, ম্যাকলারেনরা। সাংবাদিক সম্মেলনও হবে জামশেদপুরেই। উল্লেখ্য, ৬ ম্যাচে মোহন বাগানের পয়েন্ট ১৩। জামশেদপুরও পয়েন্টের বিচারে একই বিন্দুতে রয়েছে। কিন্তু গোল পার্থক্যে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। পরের ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে খেলবে গঙ্গাপাড়ের ক্লাব। এই দুই ম্যাচ থেকে যে করেই হোক ৬ পয়েন্ট তুলে নিতে মরিয়া মোহন বাগান। এদিকে, শুক্রবার আইএসএলে ফের মাঠে নামছে মহমেডান স্পোর্টিং। নয়াদিল্লিতে সাদা-কালো ব্রিগেডের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি।