


সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়িতে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে বেধড়ক মারধর। ময়নাগুড়ি থানার পুলিশের তৎপরতায় বিক্ষোভকারীদের হাত থেকে উদ্ধার হন অভিযুক্ত। ময়নাগুড়ি থানার পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম উত্তম সরকার। জানা গিয়েছে, তিনি ময়নাগুড়ির বার্নিশ এলাকার একটি হাই স্কুলের প্যারা টিচার।
স্কুল কর্তৃপক্ষ তরফে জানা গিয়েছে, উত্তম সরকার বার্নিশ এলাকায় একটি টিউটোরিয়াল হোম খুলেছেন। অভিযোগ, বুধবার সন্ধ্যা নাগাদ তিনি দশম শ্রেণীর এক ছাত্রীকে পড়াশোনার বিষয় নিয়ে জ্ঞান দেওয়ার জন্য বাইকে করে তাকে জলঢাকার দিকে নিয়ে যান। অভিযোগ সেই সময় অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীকে শ্লীলতাহানি করে। এরপর আজ, বৃহস্পতিবার ওই স্কুল ছাত্রী স্কুলে এসে সমস্ত বিষয়টি শিক্ষকদের জানান। ঘটনার খবর পেয়ে অভিভাবকরা স্কুলে চলে আসেন। স্কুল চত্বরেই অভিযুক্তের উপর চড়াও হন গ্রামবাসীরা। শুরু হয় কিল-ঘুসি। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যায়। অভিযুক্ত শিক্ষক নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ময়নাগুড়ি থানার পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।