


নিজস্ব প্রতিনিধি, বারাসত: মেয়ের অপারেশনের জন্য তিলে তিলে জমিয়েছিলেন ৪২ হাজার টাকা। সেই টাকা বাড়িতে রেখে মা আর মেয়ে গিয়েছিলেন বারাসত হাসপাতালে। আর তখনই দিনের আলোয় তালা ভেঙে সেই টাকা নিয়ে পালাল চোর। সঙ্গে গেল সোনার গয়নাও। দেগঙ্গার ইয়াজপুরে বুধবার দুপুরের এই ঘটনায় প্রশ্নের মুখে দেগঙ্গা থানার নজরদারি। শেখ আনিসুর রহমান পেশায় ডেকরেটর ব্যবসায়ী। এদিন তিনি ব্যবসার কাজে বাইরে যান। আর মেয়েকে নিয়ে তাঁর স্ত্রী গিয়েছিলেন হাসপাতালে। সেই সুযোগে বাড়ির তালা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা। ঘর তছনছ করে নগদ ৪২ হাজার টাকা নিয়ে যায়। চুরি হয়েছে এক জোড়া সোনার চুড়ি, কানের টপ এবং শিশুর আংটিও।