


নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা, কালিয়াচক: মোথাবাড়ি কাণ্ডে এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সুজাপুরের ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস বিধায়ক সাবিনা ইয়াসমিনকে তলব করল এনআইএ। ২৪ সেপ্টেম্বর তাঁকে কালিয়াচক থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এনআইএ’র এই তলব ঘিরে আলোড়ন ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
বিধানসভা নির্বাচনের আগে এসআইআরের প্রতিবাদে মালদহের মোথাবাড়ির আমলিতলায় অবরোধ,বিচারকদের গাড়ি লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। একইসঙ্গে জালালপুর, সুজাপুর, যদুপুর সহ একাধিক জায়গায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। হামলা হয় অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতেও। তৈরি হয় অগ্নিগর্ভ পরিস্থিতি। এর জেরে একাধিক মামলা হয়। পরবর্তীতে যার তদন্তভার নিয়ে অনেককে গ্রেপ্তার করে জাতীয় তদন্তকারী সংস্থা। এনআইএ সূত্রে দাবি, ধৃতদের জেরা করে ঘটনার সঙ্গে সাবিনার যোগ মিলেছে। কিছুক্ষেত্রে ঘটনাস্থলে উপস্থিত বিক্ষোভকারীদের সঙ্গে সাবিনার ফোন কলের রেকর্ড তাদের হাতে এসেছে। এরই পরিপ্রেক্ষিতে মোথাবাড়ি কাণ্ডে রাজ্যের এই প্রাক্তনমন্ত্রীর ভূমিকা কী ছিল তা জানতে এবার তাঁকে তলব করা হয়েছে। এর আগে সাবিনার স্বামী মহম্মদ মেহবুব আলমকে জিজ্ঞাসাবাদ করে এনআইএ।
যদিও এদিন টেলিফোনে সাবিনা বলেন, আমাকে মোথাবাড়ি কাণ্ডে ডাকা হয়নি। এসআইআরের প্রতিবাদে জাতীয় সড়কে যে অবরোধ হয়, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ডাকা হয়েছে। এনআইএ’র তরফে বলা হয়েছিল, বাড়িতে এসে তারা আমার সঙ্গে কথা বলতে পারে। চাইলে আমি এনআই’র অফিসে যেতে পারি। নতুবা থানায় দেখা করতে পারি। এরমধ্যে আমি থানায় গিয়ে কথা বলাকে বেছে নিয়েছি। সাবিনার দাবি, মোথাবাড়ি কাণ্ডে আমার কোনো যোগ নেই। বিচারকদের গাড়িতে হামলার বিষয়েও কিছু জানতাম না। প্রার্থী ঘোষণার পরই আমি সুজাপুরে চলে আসি। যদি কিছু করানোর পরিকল্পনা থাকত, মোথাবাড়িতে কেন, আমি তো সুজাপুরেই করাতে পারতাম।
ঘটনার সূত্রপাত ১ এপ্রিল। কালিয়াচক-২ ব্লক অফিসে এসআইআরের কাজে যুক্ত সাত জন বিচারবিভাগীয় আধিকারিকের শুনানি ঘিরে বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, তাঁদের দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছিল। পরে তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় জুডিশিয়াল আধিকারিকদের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। জেলার বিভিন্ন এলাকায় জাতীয় সড়ক অবরোধ হয়। মামলায় কয়েকটি পর্বে ইতিমধ্যেই চার্জশিট জমা দিয়েছে এনআইএ। ১২টি মামলার মধ্যে জুনে ছ’টি মামলায় মোট ৫৪ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে বলে খবর। • সাবিনা ইয়াসমিন। - ফাইল চিত্র।