


শ্রীকান্ত পড়্যা, তমলুক: একজন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার(জিডিএমও) চুক্তিভিত্তিক পদে আবেদন করলেন ২৮জন ডাক্তার! আর তিনজন স্টাফ নার্সের জন্য জমা পড়ল ১১৫৮টি আবেদন। সুদূর কোচবিহারের শীতলকুচি থেকেও চুক্তিভিত্তিক নার্স পদে আবেদন এল তমলুকে। ৭২জন কমিউনিটি হেলথ অফিসার(সিএইচও) পদে রেকর্ড সংখ্যক ৬২৮৪আবেদন জমা পড়ল। এর আগে পূর্ব মেদিনীপুর স্বাস্থ্যদপ্তরে চুক্তিভিত্তিক কোনও পদে এত বিপুল আবেদন জমা পড়েছে কি না, মনে করতে পারছেন না অফিসাররা। মোট ১৩৩টি পদের জন্য আবেদন জমা পড়ল ৯২১০টি। বুধবার থেকে তমলুকে সিএমওএইচ অফিসে নথি যাচাইয়ের কাজ শুরু হয়েছে। আগামী ১৬জানুয়ারি পর্যন্ত এই কাজ চলবে। নথি ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হওয়ার পর নিয়োগ প্রক্রিয়া শুরু করবে জেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সমিতি।
এই মুহূর্তে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী পদে স্থায়ী নিয়োগ অনেকটাই কমে গিয়েছে। যেকারণে প্রতিটি জেলায় চুক্তিভিত্তিক নিয়োগ চলছে। পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্যদপ্তরও গত ২৬জানুয়ারি ১৩৩টি পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল। অনলাইনে আবেদন সংগৃহীত হয়। দু’-একটি ছাড়া প্রতিটি পদেই গোটা রাজ্য থেকে আবেদন করার সুযোগ ছিল। সেইমতো উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং শহরতলি থেকে প্রচুর আবেদন জমা পড়েছে। ন্যাশনাল হেলথ মিশন(এনএইচএম) এবং পঞ্চদশ অর্থ কমিশনের স্বাস্থ্যখাতে বরাদ্দ থেকে নিয়োগপ্রাপকদের প্রতি মাসে বেতন দেওয়া হবে। বুধবার তমলুকে মুখ্য স্বাস্থ্য অফিসারের অফিসে নথি যাচাইয়ের জন্য ভিড় ছিল চোখে পড়ার মতো।
জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, তিনজন স্টাফ নার্স নেওয়া হবে। তার মধ্যে দু’টি অসংরক্ষিত এবং একটি এসটি সংরক্ষিত। মোট আবেদন এসেছে ১১৫৮টি। মাসে ২৫হাজার টাকা বেতন দেওয়া হবে। গোটা রাজ্য থেকেই আবেদন এসেছে। জেনারেল ডিউটি মেডিকেল অফিসার সংক্ষেপে জিডিএমও পদে একজনকে নিয়োগ করা হবে। ওবিসি-এ বিভাগে ওই পদে আবেদন করেছেন ২৮জন চিকিৎসক। মাসে ৬০হাজার টাকা বেতন পাবেন।
এছাড়া, জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মোট ন’জন মেডিকেল অফিসারকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। তার জন্য আবেদন করেছেন মোট ৮৯জন চিকিৎসক। উচ্চ যোগ্যতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জেলা স্বাস্থ্যদপ্তরের তরফে জানানো হয়েছে। চিকিৎসক নিয়োগেও এত কঠিন প্রতিযোগিতা এর আগে দেখা যায়নি। কয়েক বছর আগেও চুক্তিভিত্তিক ডাক্তার নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় আবেদন আসত না। যেকারণে শূন্যপদ পড়ে থাকত। কিন্তু, এখন চুক্তিভিত্তিক নিয়োগে ডাক্তারদেরও হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে।
এছাড়াও, দু’টি ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পদে ৮৯জন, ১০টি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট(সিএইচএ) পদে ৩২১জন, তিনটি ব্লক ডেটা ম্যানেজার পদে ১৫৩জন, তিনটি ব্লক এপিডেমোলজিস্ট পদে ২০৮জন আবেদন করেছেন। ১০টি ল্যাব-টেকনিসিয়ান পদে ৩৯০টি আবেদন এসেছে। ব্লাড সেফটি বিভাগে দু’টি ল্যাব-টেকনিসিয়ান পদে ১৯৭জন আবেদন করেছেন। সুস্বাস্থ্য কেন্দ্রে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করা হবে। তাঁদের মাধ্যমে টেলি মেডিসিন সহ অন্যান্য পরিষেবা প্রদান করা হয়। ২৬নভেম্বর পূর্ব মেদিনীপুরে এরকম ৭২জন চুক্তিভিত্তিক সিএইচও নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। মাসে ২০হাজার টাকা বেতন। তাতে রেকর্ড সংখ্যক ৬২৮৪আবেদন এসেছে। এই আবেদন দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে।