


সংবাদদাতা, কাকদ্বীপ: নদীবাঁধের দুই জায়গায় ধস নেমে আতঙ্ক ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে নামখানার মৌসুনি গ্রাম পঞ্চায়েতের পয়লাঘেরি গ্রামে। স্থানীয় সূত্রে সোমবার সকালে পয়লাঘেরির বেরা ও মান্নার ঘাট সংলগ্ন এলাকায় চিনাই নদীর বাঁধের বিশাল অংশ জুড়ে ধস নামে। বেরার ঘাটে প্রায় ১০০ ও মান্নার ঘাটে প্রায় ২০০ মিটার নদীবাঁধে ধস নেমেছে। স্থানীয় বাসিন্দা দেবু দাস বলেন, টানা বৃষ্টি চলছে। অন্যদিকে পূর্ণিমার ভরা কটালে জলস্তর বৃদ্ধি পেয়েছে। এই দুইয়ের প্রভাবে বাঁধের মাটি আলগা হয়ে ধসে গিয়েছে। অতীতে এখানে স্থায়ীভাবে কংক্রিটের বাঁধ নির্মাণ করা না হলে, আগামী দিনে পুরো গ্রাম নোনা জলে প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মৌসুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান মানসী ভট্টাচার্য বলেন, সেচদপ্তরকে বিষয়টি জানানো হয়েছে। - (প্রতীকী ছবি)