


নয়াদিল্লি: যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। যার জেরে প্রবল সমস্যায় পড়েছে গোটা বিশ্ব। সংকীর্ণ এই জলপথে ইরানের হামলার শিকারও হয়েছে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজ-ট্যাঙ্কার। তবে ব্যতিক্রম শুধু চীন। বেজিংয়ের জাহাজকে হরমুজ প্রণালী থেকে যাতায়াতে ছাড় দিয়েছে তেহরান। এই পরিস্থিতিতে হরমুজে নিজেদের চীনা পরিচয় ব্যবহার করছে একাধিক বাণিজ্যিক জাহাজ। মনে করা হচ্ছে, হামলা এড়াতেই এই কৌশল নিয়েছে জাহাজগুলি।
সংবাদ সংস্থা সূত্রে খবর, অন্তত আটটি বাণিজ্যিক জাহাজ নিজেদের গন্তব্য সিগনালে জানানোর সময় তার সঙ্গে যুক্ত করেছে ছোট্ট একটি বার্তা। তাতে বলা হয়েছে, ‘চীনের মালিকানাধীন’ বা ‘মালিক ও নাবিকরা চীনা’। ডেটা অ্যানালিটিকস ফার্ম কেপলারের বিশ্লেষক অ্যানা সুবাসিক বলেছেন, ‘জাহাজগুলির প্রাথমিক লক্ষ্য নিজেদের চীনা বলে পরিচয় দেওয়া। যাতে হরমুজ প্রণালী পার হওয়ার সময় ইরানের বাধা বা আক্রমণের মুখে পড়তে না হয়।’ সূত্রের খবর, ইতিমধ্যেই বেশ কয়েকটি জাহাজ হরমুজ পার করেছে।
জানা গিয়েছে, আটটি জাহাজের বেশিরভাগেই চীনের পতাকা ছিল না। মার্শাল আইল্যান্ড, পানামার মতো দেশের পতাকা ছিল সেগুলিতে। যদিও রেড্ডাল কনসালটিং ফার্মের আধিকারিক সুন কাও বলেছেন, ‘বাণিজ্যিক জাহাজগুলির সঙ্গে মালিকের নাগরিকত্বের খুব একটা সম্পর্ক নেই।’ অন্যদিকে ডাচ ব্যাংকের অর্থনীতিবিদ রিকো লুম্যান জানিয়েছেন, বড়ো মালবাহী জাহাজগুলির বেশিরভাগের সঙ্গেই মালিকানা সহ একাধিক ক্ষেত্রে চীনের সম্পর্ক রয়েছে। প্রসঙ্গত, এর আগে লোহিত সাগরে হুতিদের হামলা এড়ানোর জন্যও জাহাজগুলি নিজেদের চীনের বলে দাবি করেছিল।