


মুম্বই, ২৪ অক্টোবর: আইপিএলের আসন্ন মরশুমের আগে বড় ঘোষণা মুম্বই ইন্ডিয়ান্সের। দলের নতুন হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অলরাউন্ডার কিয়েরন পোলার্ড। এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। আর এই মুরশুমে প্রধান কোচের বড়ো দায়িত্ব তুলে দেওয়া হল এই বিগ হিটারের কাঁধে।
মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে পোলার্ডের সম্পর্ক দীর্ঘদিনের। ক্রিকেটার হিসেবে টানা ১৩ টা মরশুম এই ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করেছেন পোলার্ড। দলের পাঁচটি আইপিএল শিরোপা জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল এই ওয়েস্ট ইন্ডিজের অল রাউন্ডারকে। শুধু তাই নয় প্রয়োজনে দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি। ফলে মুম্বইয়ের ড্রেসিংরুম, দলের সংস্কৃতি এবং টিমের খেলোয়াড়দের সম্পর্কে তাঁর অভিজ্ঞতা নতুন দায়িত্বে বাড়তি সুবিধা দেবে বলেই মনে করা হচ্ছে।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলোয়াড় হিসেবে নিজের আইপিএল কেরিয়ার শেষ করার সময় পোলার্ডের রান ছিল ৩,৯১৫ রান। ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন এই বিগ হিটার। অবসরের পর ব্যাটিং কোচ হিসেবে দলের সঙ্গে যুক্ত থেকে কোচিংয়ের অভিজ্ঞতাও অর্জন করেছেন এই ক্যারিবিয়ান তারকা। নতুন দায়িত্ব পাওয়ার পর পোলার্ড জানান, এই সুযোগ পেয়ে তিনি সম্মানিত। নীতা আম্বানি, আকাশ আম্বানি এবং মুম্বই ইন্ডিয়ান্স পরিবার তাঁর প্রতি আস্থা রাখার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন সে। দলের গৌরবময় ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া, নতুন প্রতিভাদের তৈরি করা এবং সমর্থকদের আরও আনন্দ দেওয়াই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন পোলার্ড। তবে নতুন হেড কোচের সামনে চ্যালেঞ্জও কম নয়। আইপিএলের অন্যতম সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। সাম্প্রতিক মরশুমগুলিতে প্রত্যাশা অনুযায়ী ধারাবাহিকতা দেখাতে পারেনি। ২০২৪ সালের আগে হার্দিক পাণ্ডিয়া দলে ফিরে অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পর থেকে দল মাত্র একবার প্লে-অফে পৌঁছেছে। সেই মরশুমে চতুর্থ স্থানে শেষ করেছিল মুম্বই। এর আগে মাহেলা জয়বর্ধনের কোচিংয়ে তিনটি আইপিএল শিরোপা জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স। তাঁর বিদায়ের পর এবার নতুন কোচিং অধ্যায় শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজিতে। পোলার্ডের নিয়োগ সেই পরিবর্তনেরই গুরুত্বপূর্ণ এক অংশ। এখন দেখার বিষয় দীর্ঘদিনের পরিচিত পরিবেশে নতুন ভূমিকায় কতটা সফল হন পোলার্ড। মুম্বইয়ের সমর্থকদের প্রত্যাশা তাঁর অভিজ্ঞতা এবং দলের প্রতি দায়বদ্ধতা মুম্বই ইন্ডিয়ান্সদের হারানো ছন্দ ফিরিয়ে আনতে সাহায্য করবেন।