


ভোপাল: হঠাৎ করেই দমকল বাহিনীর গাড়ির হোসপাইপ দিয়ে ফুল ফোর্সে ছেটানো হচ্ছে জল। তবে কোথাও আগুন লাগেনি। বিজেপি বিধায়কের বিলাসবহুল গাড়ি নোংরা হয়ে গিয়েছে। সেই নোংরাই সাফ হচ্ছে দমকলের জলে। মধ্যপ্রদেশের সিংরাউলি জেলার এই ঘটনা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর তা ঘিরে শোরগোল তুঙ্গে। কীভাবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সরকারি সম্পত্তি এভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করা যেতে পারে, তা নিয়েই বিতর্ক দানা বেঁধেছে। জানা যাচ্ছে, মঙ্গলবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়ো ছড়িয়ে পড়ে। তাতে দেখা গিয়েছে, বিজেপি বিধায়ক রামনিবাস শাহের বিলাসবহুল গাড়ি তাঁর সরকারি অফিসের সামনে দাঁড়িয়ে। সেটিতে দমকলের গাড়ি থেকে জলের পাইপ দিয়ে ধুয়ে দিচ্ছে তিন পুরসভার কর্মী।
এই ঘটনায় বিজেপি বিধায়ককে নিশানা করেছেন রাজ্যের বিরোধী নেতা কংগ্রেসের উমং সিংহা। কটাক্ষের সুরে তিনি বলেন, ‘যখন কোথাও আগন লাগে, তখন তা নেভানোর জন্য দমকলের গাড়ি সঠিক সময় পৌঁছাতে পারে না। অথচ সিংরাউলিতে সেই দমকলকে দিয়ে বিজেপি বিধায়ক নিজের গাড়ি ধোয়াচ্ছেন।’ এরপর বিধায়ক পালটা বলেন, যারা বিরূপ মন্তব্য করছে, তবে শাহ জানিয়েছেন, দমকলের ওই গাড়ি কেন এলাকায় এসেছিল, সেটা পুরসভাই বলতে পারবে। কারণ গাড়িটি আগে থেকেই এলাকায় ছিল।