


সংবাদদাতা, কাটোয়া: ভিন রাজ্য থেকে পূর্বস্থলীতে ভোট দিতে এসে ছিলেন পরিযায়ী শ্রমিক। আর গতকালই সেই শ্রমিকের রহস্যজনক দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। পরিবারের দাবি, নৃশংসভাবে খুন করা হয়েছে তাঁকে।
জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম শ্যামল মণ্ডল। তাঁর বাড়ি পূর্বস্থলী থানার অন্তর্গত মোয়াইল এলাকায়। ২৩ তারিখ তাঁর এলাকায় ভোট ছিল। সেই জন্যই কয়েকদিন আগে কাজ ছেড়ে বাড়িতে এসেছিলেন।
পরিবারের দাবি, গতকাল দুপুরে বাড়ি থেকে বের হন শ্যামল। রাতে ফেরেননি তিনি। আজ শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি মাঠে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় । প্রত্যক্ষদর্শীদের দাবি, তাঁর পায়ের বিভিন্ন অংশে ক্ষত চিহ্ন ছিল। একই সঙ্গে চোখে মুখেও ক্ষত চিহ্ন ছিল তাঁর । মৃতের মেয়ে এদিন শনিবার পূর্বস্থলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, 'বাবার কারও সঙ্গেই শত্রুতা ছিল না। শুক্রবার বাইরে বেরনোর পরই এমন ঘটনা হয়েছে। বাবাকে খুন করা হয়েছে'। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি। অন্যদিকে মৃতের স্ত্রীও তার স্বামীর প্রকৃত খুনি কে চিহ্নিত করে তার শাস্তির দাবি জানিয়েছেন। ইতমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পূর্বস্থলী থানার পুলিশ। কোনো ব্যক্তিগত শত্রুতা না কি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।