


যদি আমরা একটি বেলুনকে ফুলিয়ে বেলুনটিকে একটি, দু’টি অথবা তিনটি পেরেকের উপরে চাপ দিই, তাহলে বেলুনটি ফেটে যাবে। যেটা আমরা সকলেই জানি। কিন্তু একটা ব্যাপার আমাদের অবাক করে সেটা হল যখন একটি পেরেক এর পরিবর্তে অনেকগুলি পেরেক রেখে তার ওপরে বেলুনটিকে যদি চাপ দেওয়া হয়, তাহলে দেখা যায় বেলুনটি কোনোমতেই ফাটছে না!
কেন এমনটা হয়?
যখন আমরা বেলুনটিকে একটি পেরেকের উপরে চাপ দিই, কেবল ওই পেরেকের ক্ষুদ্র অংশের ওপরেই বেলুনের সমস্ত বল প্রযুক্ত হয়। বা বলা ভালো বেলুনের তলের অল্প অংশের ওপরেই সমস্ত পেরেকটার চাপ এসে পড়ে। যেহেতু অল্প এলাকায় বেলুনের উপর প্রযুক্ত হওয়া সমস্ত বল প্রয়োগ হয়, তাই বেলুনটি ফেটে যায়। কিন্তু যখন একই ঘটনা পুনরাবৃত্তি করা হয় অসংখ্য পেরেকের সাহায্যে তখন যেকোনো একটি পেরেকের উপরে বেলুনের সমস্ত বল প্রয়োগ হয় না। সেটি সমানভাগে ভাগ হয়ে যায় প্রত্যেকটি পেরেকের সঙ্গে। ফলস্বরূপ কোনো একটি নির্দিষ্ট পেরেকের ওপরে চাপ ততটা বেশি পড়ে না। বলা ভালো বেলুনের তলের কোনো একটি ক্ষুদ্র বা নির্দিষ্ট অঞ্চলের ওপরে চাপ বেশি পড়ে না। তাই বেলুনের তলে প্রযুক্ত হওয়া বল সমান ভাগে ভাগ হয়ে যাওয়ার কারণে বেলুন ফাটে না।
বৈজ্ঞানিক ব্যাখ্যার সংক্ষিপ্তকরণ:
বল স্থির থাকলে ক্ষেত্রফল যত বাড়বে চাপ তত কমবে, আবার ক্ষেত্রফল যত কমবে, চাপ তত বাড়বে। অর্থাৎ চাপ ও ক্ষেত্রফলের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক।
সূত্রটি হল— p=F/A
p = চাপ (Pressure)
F = প্রযুক্ত বল (Force, যা ক্ষেত্রফলের উপর লম্বভাবে কাজ করে)
A = ক্ষেত্রফল (Area, যেটির উপর বল প্রয়োগ করা হচ্ছে)