


নয়াদিল্লি: গতবছর মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মার নেতৃত্বে খেতাব জিতেছিল ভারত। অথচ, বিসিসিআইয়ের অমার্জনীয় ভুলে বিজয়ী ক্যাপ্টেন হিসেবে ফুটে উঠল শুভমান গিলের নাম। রবিবার নমন পুরস্কার অনুষ্ঠানে তিনি মঞ্চে উঠতেই গ্রাফিক্সে লেখা হল, ‘বিজয়ী ক্যাপ্টেন, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫।’ আর তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিশেষ করে রোহিতের সমর্থকরা এটা কিছুতেই মানতে পারছেন না। তাঁদের কাছে এটা হিটম্যানকে অপমান করা। কেউ কেউ আবার লিখেছেন, অযোগ্যদের হাতে পড়ে ইতিহাসের বিকৃতি ঘটাচ্ছে বিসিসিআই।
২০২৪-২৫ মরশুমের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন শুভমান গিল। তবে অহেতুক বিতর্কে অস্বস্তিতে পড়েছেন তিনিও। তাতে অবশ্য তাঁর কৃতিত্ব খাটো হওয়ার নয়। বিশেষ করে গত ইংল্যান্ড সফরে ১০ ইনিংসে ৭৫.৪০ গড়ে চারটি শতরান সহ তিনি করেন ৭৫৪ রান। সর্বাধিক স্কোর ছিল ২৬৯। তাঁর কথায়, ‘সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। ওঁদের সাহায্য ছাড়া কিছুই সম্ভব হত না।’ গিলের চোখ এবার ২০২৭ ওডিআই বিশ্বকাপে। সেখানে চ্যাম্পিয়ন হতে চান তিনি। ঘরের মাঠে ২০২৩-এর ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজয় এখনও যন্ত্রণা দেয় তাঁকে। সেই আপশোস মেটাতে পরের বছর কাপ জিততে মরিয়া তিনি। ভারতের ওডিআই ক্যাপ্টেন বলেই দিয়েছেন, ‘গত বিশ্বকাপে আমরা কাপ জেতার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। কিন্তু শেষরক্ষা হয়নি। দক্ষিণ আফ্রিকায় পরের বছর কাপ জিতে সেই দুঃখ ভোলাই আমাদের লক্ষ্য।’