


লখনউ: প্রণামি চুরি নিয়ে বিতর্কের মাঝেই প্রশাসনিক রদবদল হতে চলেছে রামমন্দিরে। সবকিছু ঠিকঠাক থাকলে আজ, বুধবারই রামমন্দিরের প্রথম সিইওর নাম ঘোষণা করা হবে। সূত্রের খবর, বুধবার দুপুর ২টো নাগাদ বৈঠকে বসতে চলেছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। সেই বৈঠকেই সিইও, জেনারেল সেক্রেটারির নামও ঘোষণা করা হবে। মন্দিরের প্রণামি নিয়ে অনিয়মের অভিযোগ ওঠার পরই মন্দিরের সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দেন চম্পত রাই। তখনই প্রশাসনিক স্বচ্ছতা ও তদারকি বাড়াতে স্থায়ী সিইও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। সিইও বাছাইয়ের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি প্রমোদ কোহলির নেতৃত্বে গঠন করা হয় একটি কমিটি। জানা যাচ্ছে, বুধবার অযোধ্যায় ট্রাস্টের সভাপতি মহন্ত নিত্যগোপাল দাসের বাসভবন মণিরামদাস ছাউনিতে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানেই সিইও এবং সেক্রেটারি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
ইতিমধ্যে বাছাই কমিটির তিন সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতি প্রমোদ কোহলি, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল বিষ্ণুকান্ত চতুর্বেদী এবং সুরেশ হাওদা অযোধ্যা পৌঁছে গিয়েছেন। কমিটির সদস্যরা সিইও পদের জন্য বাছাই করা তিনজনের নাম তুলে দেবেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে। এঁদের মধ্যে থেকে কাউকে পরবর্তী সিইও হিসাবে, কাউকে আবার সিইও বেছে নেওয়া হবে। প্রমোদ কোহলি আগেই জানিয়েছেন, সাড়ে পাঁচ হাজারের বেশি আবেদনের মধ্যে থেকে ১৬ জনের ইন্টারভিউ নিয়ে তিনজনের নাম চূড়ান্ত করা হয়েছে।
জানা যাচ্ছে, মন্দিরের প্রথম সেক্রেটারি হিসাবে জগদীশ আফলের নাম প্রায় চূড়ান্ত। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত আফলে রামমন্দির নির্মাণের সময়েও ছিলেন। বম্বে আইআইটির প্রাক্তনী আফলের ইউরোপ ও আমেরিকায় কাজ করারও অভিজ্ঞতা রয়েছে। আরএসএসের সুপারিশে তাঁকে রামমন্দির নির্মাণ প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়।