


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহিলা ভোট ফিরে পেতে পুরনো পন্থার সাহায্য নিচ্ছে সিপিএম। মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে ‘নারী সংসদ’ কর্মসূচি করতে চলেছে তারা। মহিলাদের আত্মরক্ষা প্রশিক্ষণ, স্বাস্থ্যশিবির, মানসিক স্বাস্থ্যশিবির, আইনি সহায়তা, ক্রীড়া, সামাজিক ও অর্থনৈতিক কাজে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সিপিএমের সদর দপ্তর আলিমুদ্দিনে সাংবাদিক বৈঠকে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী বলেন, ‘কিছু জায়গায় আমরা এই কাজ শুরু করেছি। তা আরও বিস্তৃত হবে। সমাজ আমাদের, মানুষ আমাদের। তাই এই কাজ করতে হবে।’ প্রসঙ্গত গত লোকসভা ভোটের আগেও এরকমই একটি কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন মীনাক্ষী নিজেই। আবার বছর ঘুরতেই সেই একই প্রকল্প কেন? মীনাক্ষী বলেন, ‘এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া।’ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘আমরা ঢাকঢোল পিটিয়ে বিষয়টি করছি না। বিভিন্ন জায়গাতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।’ বিধানসভা ভোটের আগে মহিলাদের জন্য সিপিএম মীনাক্ষীকে দলের অন্যতম মুখ করতে চাইছে বলে খবর। তাই মহিলা সমিতিকে এই দায়িত্ব না দিয়ে মীনাক্ষীর নেতৃত্বে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এরকমটাই মনে করছে দলের একাংশ।