


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় নারকেলডাঙায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার বাড়ির কাছেই খুন হন। সেই হত্যা মামলায় পলাতক এক অভিযুক্ত সোমবার কলকাতার বিচারভবনের বিশেষ আদালতে আত্মসমর্পণ করলেন। মানিকতলা মেইন রোডের বাসিন্দা এই অভিযুক্তের নাম বিশ্বজিৎ দাস। বিচারক সন্তোষকুমার পাঠক তাঁকে ২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিনই সিবিআই তাঁর হাতে চার্জশিটের প্রতিলিপি তুলে দেয়। পরবর্তী শুনানির দিন তাঁর বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির দিন ধার্য করে আদালত। সিবিআই সূত্রে জানা গিয়েছে, এই বিজেপি কর্মী খুনের পরই তৃণমূল নেতা পরেশ পাল ঘনিষ্ঠ অভিযুক্ত এলাকা থেকে গা ঢাকা দেন। পরে তাঁর বিরুদ্ধে হুলিয়া জারি হয়। প্রথমে এদিক সেদিক পালিয়ে বেড়ালেও শেষ পর্যন্ত বহরমপুরে থাকতে শুরু করেন। সেখানে একটি লোহার আলমারি তৈরির কারখানায় কাজও জুটিয়ে নেন। জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় পুলিশ ও সিবিআই ক্রমাগত কলকাতার বাড়িতে হানা দেয়।