


নিজস্ব প্রতিনিধি, বারাসত: অশোকনগরের বাইগাছি ওএনজিসি কেন্দ্রে শনিবার রাতে দেখা গেল আগুনের শিখা! তবে এ আগুন কোনো বিপদের ইঙ্গিত নয়, বরং আশার আলো! বাইগাছিতে ওএনজিসি নতুন করে তিনটি কূপ খনন করেছে। তিনটি কূপেই মিলেছে প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের হদিশ। রাতে পরীক্ষামূলকভাবে সেই কূপগুলির মুখে আগুন জ্বালানো হয়েছিল। সেই পরীক্ষা সফল হয়েছে। যার অর্থ, খুব দ্রুত এখানে শুরু হবে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন। প্রকল্পের কর্মীদের বক্তব্য, সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগলে আগস্টের শেষে বা সেপ্টেম্বরে বাণিজ্যিকভাবে খনিজ তেল উত্তোলন শুরু হবে বাইগাছিতে। প্রায় ২ হাজার ৮৫০ মিটার গভীরতা পর্যন্ত খননের পর তেল ও প্রাকৃতিক গ্যাসের স্তরে পৌঁছনো গিয়েছে। তেলের উপরিস্তরে রয়েছে প্রাকৃতিক গ্যাস। কূপ দিয়ে বেরিয়ে আসা সেই গ্যাসই জ্বালানো হয়েছিল এদিন। তবে আচমকা এভাবে আগুন জ্বলতে দেখে স্থানীয়দের মধ্যে প্রাথমিকভাবে কিছুটা উদ্বেগ তৈরি হয়। বহু মানুষ সেখানে ভিড়ও জমান। ওএনজিসি ও স্থানীয় সূত্রে খবর, সপ্তাহখানেক আগেই তেল উত্তোলনের জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। পাম্প জ্যাকসহ অত্যাধুনিক যন্ত্রপাতি আনা হয়েছে। দু’টি শিফটে কাজ করছেন শতাধিক কর্মী। বাণিজ্যিক উৎপাদন শুরুর আগে প্রয়োজনীয় প্রস্তুতি এখন শেষ পর্যায়ে বলেই জানাচ্ছেন কর্মীরা। বাইগাছি থেকে তেল উত্তোলনের প্রসঙ্গটি কিছুদিন আগে লোকসভায় উত্থাপন করেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সেই সূত্রে জানা যায়, জুলাইয়ের শেষেই এখানে তেল উত্তোলনের কাজ শুরু হয়ে যাবে। কিন্তু কিছু যান্ত্রিক সমস্যা ও রাস্তার কাজ বাকি থাকায় তা শুরু করা যায়নি। যদিও ওএনজিসি কর্তৃপক্ষ এখনও তেল উত্তোলনের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। উল্লেখ্য, বাইগাছিতে তেলের সন্ধান মেলে ২০১৮ সালে। ২০২০ সালে পরীক্ষামূলক উত্তোলনে একটি কূপ থেকে প্রায় ৩৭৫ ব্যারেল অপরিশোধিত তেল পাওয়া যায়। বিশেষজ্ঞদের দাবি, বাইগাছির অপরিশোধিত তেলের এপিআই গ্র্যাভিটি প্রায় ৪০-৪১, যা বম্বে হাইয়ের তেলের সঙ্গে তুলনীয়। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এখানে মাটির নীচে থাকা তেল বাণিজ্যিকভাবে উত্তোলন শুরু হতে চলেছে। ওএনজিসি সূত্রে আরও খবর, শুধু বাইগাছি নয়, অশোকনগরের ভুরকুণ্ডা, দৌলতপুরসহ বিভিন্ন এলাকায় এখন ওএনজিসি খনননের কাজ চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে এসব এলাকা থেকেও তেল ও গ্যাস উত্তোলনের পরিকল্পনা রয়েছে তাদের। পরিকল্পনা অনুযায়ী, অশোকনগর থেকে উত্তোলিত খনিজ তেল পরিশোধনের জন্য পাঠানো হবে ইন্ডিয়ান অয়েলের হলদিয়া শোধনাগারে। ভবিষ্যতে প্রাকৃতিক গ্যাসের বাণিজ্যিক উৎপাদনের পরিকল্পনাও রয়েছে এখানে। স্থানীয় বিধায়ক সুময় হীরা বলেন, ‘অশোকনগর থেকে খনিজ তেল উত্তোলন শুরু হলে শুধু এই এলাকা নয়, গোটা রাজ্যের অর্থনীতিতেই এর ইতিবাচক প্রভাব পড়বে। কর্মসংস্থানে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হবে।’