


নয়াদিল্লি: আজ রবিবার আমেরিকা থেকে দেশে ফিরছেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশ যাত্রা করেছেন বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন। সৌজন্যে অ্যাক্সিয়ম-৪ অভিযান। দেশে ফিরে সংশ্লিষ্ট মহলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দু’সপ্তাহ কাটানোর অভিজ্ঞতা জানাবেন শুভাংশু। দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও। আগামী ২২-২৩ আগস্ট দিল্লিতে জাতীয় মহাকাশ দিবসের অনুষ্ঠানেও থাকতে পারেন তিনি।
অভিযানের জন্য প্রায় এক বছর আমেরিকায় রয়েছেন শুভাংশু। পৃথিবীতে ফিরে আসার পর দীর্ঘদিন ধরে রিহ্যাবে থাকতে হয়েছে। এবার ঘরে ফেরার পালা। তার আগে আবেগঘন পোস্ট করেছেন শুভাংশু। সেখানে তিনি লিখেছেন, ‘ভারতে ফেরার জন্য বিমানে বসতেই মনটা ভারাক্রান্ত হয়ে উঠল। গত এক বছর কিছু মানুষ বন্ধু ও পরিবার হয়ে উঠেছিলেন। তাঁদের ছেড়ে আসতে খুব খারাপ লাগছে। দেশে ফিরে প্রত্যেকের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করতে পারব। এটা অত্যন্ত আনন্দের।’ তিনি আরও লেখেন, ‘ভারতে ফেরার জন্য মুখিয়ে রয়েছি। বিদায় জানানো সত্যিই কষ্টকর। তবে আমার সহযাত্রী পেগি হুইটসনের কথায়, মহাকাশযাত্রায় পরিবর্তনই নিত্যসঙ্গী। দিনের শেষে ইয়ুহি চলা চল রাহি...।’ মহাকাশযাত্রার সময় শুভাংশুর সঙ্গী ছিল ‘স্বদেশ’ সিনেমার এই গানটি। শুক্রবার লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে শুভাংশুর কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি। ২৬ জুন প্রথম ভারতীয় হিসেবে মহাকশে স্টেশনে পৌঁছন বায়ুসেনার এই দক্ষ সদস্য। ৬০টিরও বেশি বিষয়ে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর ১৫ জুলাই পৃথিবীতে ফিরে আসেন চার নভশ্চর। ২০২৭ সালে ‘গগনযান’ অভিযানের পরিকল্পনা নিয়েছে ইসরো। বিশেষজ্ঞদের মতে, মহাকাশে শুভাংশুর এই অভিজ্ঞতা আসন্ন অভিযানে অনেকটাই সাহায্য করবে। ছবি: পিটিআই