


নয়াদিল্লি: এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিতের সুযোগ ছিল ভারতের সামনে। কিন্তু হায়দরাবাদে ক্যারিবিয়ানদের দাপটে ম্লান শ্রেয়স ব্রিগেড। ২৪ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজ আপাতত ২-২ করলেন শাই হোপরা। ভারতের এই হারের জন্য ব্যাটিং বিভাগকেই কাঠগড়ায় তুললেন সুনীল গাভাসকর। প্রাক্তন ভারতীয় তারকার কথায়, ‘রান তাড়ায় আরও উন্নতি করতে হবে এই ভারতীয় দলকে। ব্যাটিং বিভাগকে বাড়তি দায়িত্ব নিতে হবে। কারণ, ব্যাটাররা ভালো না খেললে এই টিমের জেতা মুশকিল।’
বুধবার ভারতের ইনিংসের শুরুটা অবশ্য দুর্দান্ত করেছিলেন সঞ্জু স্যামসন। ওপেন করতে নেমে ২৩ বলে ৫৬ রানের ইনিংস উপহার দেন। তবে অপর ওপেনার অভিষেককে বেশ বিবর্ণ দেখাল। তাঁর ব্যাট থেকে ২৪ বলে ২৯ এসেছে। এই প্রসঙ্গে গাভাসকরের সংযোজন, ‘সঞ্জু স্যামসন টিম ইন্ডিয়ার শুরুটা দুর্দান্ত করেছিল। কিন্তু শক্ত ভিতে রানের মিনার গড়তে ব্যর্থ বাকিরা। অভিষেক শর্মা ডাহা ফেল। ওর থেকে এমনটা কাম্য নয়। কিমো পলের পাতা ফাঁদে শ্রেয়সও পা দিল। আর সেঞ্চুরি হাঁকানোর পর থেকে শ্রেয়সের ব্যাটও ঠান্ডা।’ ভারতের বোলিং বিভাগও বেশ সাদামাটা। মায়াঙ্ক-অর্শদীপদের ছন্নছাড়া পারফরম্যান্সের জেরেই স্কোরবোর্ডে ৩ উইকেটে ২৪৭ তোলে ওয়েস্ট ইন্ডিজ। তবুও বোলারদের পাশে দাঁড়ালেন সানি। তাঁর মন্তব্য, ‘বোলিং খারাপ হয়েছে ঠিকই। তবে তাদের দোষ দেওয়া উচিত নয়। মায়াঙ্ক-নমনরা প্রত্যেকেই তরুণ। এমন ব্যর্থতা থেকেই শিক্ষা নিতে হবে ওদের।’ এদিকে, সেঞ্চুরি হাঁকিয়ে ক্যারিবিয়ানদের জয়ের নায়ক অবশ্যই শাই হোপ। ম্যাচের পর তাঁকে প্রশংসায় ভরিয়েছেন চেতেশ্বর পূজারা। তিনি বলেন, ‘ভারতের প্রধান কাঁটা এই শাই হোপ। দুরন্ত ছন্দে আছে। নিজের সহজাত পারফরম্যান্স মেলে ধরেই ভারতের উইকেটে সাফল্য পাচ্ছে।’ উল্লেখ্য, আগামী শনিবার বেঙ্গালুরুতে সিরিজের শেষ ম্যাচ তথা অঘোষিত ফাইনাল।