


দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: শুধুমাত্র ২০২৫-২৬ আর্থিক বছরেই ট্রেনে টিকিট পাননি প্রায় সাড়ে তিন কোটি রেল যাত্রী। কারণ ট্রেনে পর্যাপ্ত আসন নেই। তাই কনফার্মড বার্থ দেওয়া যায়নি। পূর্ণাঙ্গ যাত্রী তালিকা প্রকাশের পরও সংশ্লিষ্ট যাত্রীদের টিকিট ওয়েটিং লিস্টেই রয়ে গিয়েছে। এর ফলে স্বাভাবিক নিয়মেই ‘অটো ক্যানসেলড’ হয়ে গিয়েছে সেইসব টিকিট। এক্ষেত্রে সবথেকে বেশি টিকিট বাতিল হয়েছে ট্রেনের সাধারণ স্লিপার ক্লাসে। রেলের পরিসংখ্যানেই এমন ছবি স্পষ্ট হয়েছে। ট্রেনে কনফার্মড টিকিটের অভাব নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগে সোচ্চার হয়েছে সাধারণ রেল যাত্রীদের একটি বড়ো অংশ। মাত্রাছাড়া যাত্রী ভিড় সামাল দেওয়ার জন্য বিভিন্ন সময়ে এমনকি হাজার হাজার স্পেশাল ট্রেনও চালিয়েছে রেলমন্ত্রক। কিন্তু সার্বিক পরিস্থিতি কোনোভাবেই সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়নি। এহেন পরিপ্রেক্ষিতে তাই কোটি কোটি রেল যাত্রীর টিকিট বাতিলের এমন ছবি চমকে ওঠার মতোই। এসংক্রান্ত বিষয়ে জানতে চেয়ে তথ্য জানার অধিকার আইনে আবেদন করেছিলেন মধ্যপ্রদেশের সমাজকর্মী চন্দ্রশেখর গৌড়। সেই আরটিআইয়ের জবাবেই ২০২৫-২৬ আর্থিক বছরে টিকিট বাতিলের সামগ্রিক পরিসংখ্যান তুলে ধরেছে রেল বোর্ড। রেল জানিয়েছে, ২০২৫-২৬ আর্থিক বছরে সারা দেশের মোট ৩ কোটি ৩৯ লক্ষ যাত্রীর টিকিট ‘অটো ক্যানসেলড’ হয়েছে। অর্থাৎ, ওইসব যাত্রীকে ট্রেনে কনফার্মড বার্থ দেওয়াই যায়নি। স্লিপার ক্লাসের ক্ষেত্রে এমন ভুক্তভোগী রেল যাত্রীর সংখ্যা মোট ১ কোটি ৬৮ লক্ষ। থার্ড এসিতে এই সংখ্যা ৭৪ লক্ষ ৫৫ হাজার। এরপরেই রয়েছে সেকেন্ড স্লিপার। এক্ষেত্রে ২৬ লক্ষ ৪৬ হাজার রেল যাত্রীর টিকিট বাতিল হয়েছে।