


নয়াদিল্লি: ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে স্থগিত হয়েছে নীরজ চোপড়ার ক্লাসিক থ্রো ইভেন্ট। চলতি মাসেই রয়েছে দোহা ডায়মন্ড লিগ। ভারতের সোনার ছেলের লক্ষ্য এখন এই প্রতিযোগিতায় ধারাবাহিকতা বজায় রাখা। পাশাপাশি নিজেকে ফিট রাখার চ্যালেঞ্জ রয়েছে তাঁর সামনে। কারণ ডায়মন্ড লিগের পরেই পোল্যান্ডে আয়োজিত প্রতিযোগিতায় ট্র্যাকে নামবেন তিনি। ২৩ মে শুরু হবে এই টুর্নামেন্ট। নীরজ ছাড়াও সেখানে অংশগ্রহণ করবেন গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স, জার্মানির জুলিয়ান ওয়েবারের মতো শক্তিশালী জ্যাভেলিন থ্রোয়ার।
দক্ষিণ আফ্রিকায় আযোজিত বিশ্ব অ্যাথলেটিকস ট্যুর চ্যালেঞ্জার্স দিয়ে মরশুম শুরু করেছেন নীরজ। গত ১৬ এপ্রিল সেখানে ৮৪.৫২ মিটার জ্যাভেলিন ছুড়ে চ্যাম্পিয়ন হন ওলিম্পিকসে জোড়া পদকজয়ী ভারতীয় তারকা। এরপর তাঁর লক্ষ্য ছিল বেঙ্গালুরুতে নিজের নামে আয়োজিত এন সি ক্লাসিক। কিন্তু পাক জঙ্গি হানার পর দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কারণে প্রতিযোগিতা স্থগিত হয়। আসলে পয়া দোহা ডায়মন্ড লিগে নামার আগে নিজেকে ঝালিয়ে নিতে চেয়েছিলেন ভারতের সোনার ছেলে। দোহার ট্র্যাকে ধারাবাহিকভাবে সফল হয়েছেন নীরজ। ২০২৩ সালে শিরোপা জিতেছিলেন তিনি। পরের বছর অবশ্য দ্বিতীয় স্থানে সন্তুষ্ট থাকতে হয়েছিল তারকা জ্যাভেলিন থ্রোয়ারকে। এবার তাই হারানো সিংহাসন ফিরে পেতে মরিয়া নীরজ।
এদিকে, টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটন্যান্ট কর্নেল করা হল তাঁকে। ডিপার্টমেন্ট অব মিলিটারি অ্যাফেয়ার্সের যুগ্ম সচিব মেজর জেনারেল জিএস চৌধুরি এক বিবৃতিতে এই খবর জানিয়েছেন।