


নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সাত বছরের এক শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে শোরগোল পড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাঁকড়ার রাজীবপল্লি এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী যুবক শেখ সামসুলকে গ্রেপ্তার করেছে বাঁকড়া ফাঁড়ির পুলিশ।
অভিযোগ, দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রী প্রথমে ভয়ে ঘটনার কথা কাউকে জানাতে পারেনি। পরে শিশুটির মা মেয়ের অস্বাভাবিক কান্না দেখে কারণ জিজ্ঞাসা করেন। তখনই কাঁদতে কাঁদতে সে সমস্ত ঘটনা মাকে জানায়। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক ক্ষোভ দেখা দেয়। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবককে ঘিরে ধরে বেধড়ক মারধর শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বাঁকড়া ফাঁড়ির পুলিশ। স্থানীয়দের হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা রয়েছে। তবে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য বৃহস্পতিবার রাত থেকেই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ। বর্তমানে পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।