


কাঠমাণ্ডু: ভোটে কোশি নদীতে ভয়াবহ হড়পা বানের একমাস পার। এখনও উত্তর ও মধ্য নেপালের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসের চিহ্ন। নেপালের জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ১ হাজার ৪৫১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়েছে ২ জনের। নিখোঁজ রয়েছেন ৫ হাজার ২৮৫ জনের বেশি। শনিবার পর্যন্ত মোট ১৩ হাজার ৭৯৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ১ হাজার ১১৩ জন এখনও হোল্ডিং সেন্টারে রয়েছেন।
তবে উদ্ধার হওয়া দেহগুলি শনাক্ত করতে রীতিমতো বেগ পেতে হচ্ছে। নেপাল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া ১ হাজার ৪৫৩ টি দেহের মধ্যে মাত্র ১১২ জনের দেহ শনাক্ত করা গিয়েছে। আধিকারিকরা জানিয়েছেন ১ হাজার ৩২৯টি দেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। নিখোঁজদের পরিবারের থেকে সংগ্রহ করা ২ হাজার ৬০ জনের ডিএনএ স্যাম্পেলের সঙ্গে তা মিলিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি একাধিক বিধ্বস্ত এলাকায় বিশেষ করে জলবিদ্যুৎ প্রকল্পগুলিতে এখনো চালানো হচ্ছে উদ্ধারকাজ। অন্যদিকে চীন জানিয়েছে, সেখানে ৪৩ জন মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৫০০।