


নয়াদিল্লি: একাদশ এবং দ্বাদশের রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যপুস্তক লেখার জন্য নতুন করে কমিটি গঠন করেছে এনসিইআরটি। শিক্ষাবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক সন্দীপ শাস্ত্রীর নেতৃত্বে এই কমিটি জাতীয় শিক্ষানীতি এবং পাঠ্যক্রমের ভিত্তিতে পাঠ্যপুস্তক রচনার কাজে হাত দিয়েছে। তবে কমিটির বিরুদ্ধে আরএসএস সংস্রবের অভিযোগে সরব হয়েছে কংগ্রেস। কমিটির অন্তত চারজন সদস্যের সঙ্গে আরএসএসের ছাত্রশাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ রয়েছে বলে অভিযোগ। এনসিইআরটির এই সিদ্ধান্তকে ‘শিক্ষাব্যবস্থার পুনর্লিখন ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে নাগপুর সংঘীকরণের চেষ্টা করছে’ বলে মন্তব্য করেছে কংগ্রেস। দলের অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, ‘শিক্ষাব্যবস্থার শুদ্ধিকরণের প্রচেষ্টা এক ধরনের পাপ। আর সংঘীকরণ একটি অভিশাপ।’
দেশের সাংস্কৃতিক শিকড়, ভারতীয় জ্ঞান ব্যবস্থা এবং অন্তর্ভুক্তিকরণের লক্ষ্যে কমিটিকে কাজ করতে বলা হয়েছে। একাদশ শ্রেণির জন্য চলতি বছরের নভেম্বর এবং দ্বাদশ শ্রেণির জন্য আগামী বছরের জুলাই মাসের মধ্যে কাজ শেষ করতে হবে বলে জানানো হয়েছে।