


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে যে নতুন নিম্নচাপটি তৈরি হয়েছে সেটির অভিমুখ মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে। এই নিম্নচাপটি রাজ্যের উপর বিশেষ কোনও প্রভাব ফেলবে না বলেই আবহাওয়া দপ্তরের অনুমান। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্যের উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের বুধবার পর্যন্ত পূর্ব-মধ্য ও লাগোয়া উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে গভীর সমুদ্রের দিকে না-যাওয়ার পরামর্শ দিয়েছে তারা। কারণ নিম্নচাপের দরুণ দক্ষিণ বাংলাদেশের কাছাকাছি ওই এলাকায় সমুদ্র কিছুটা উত্তাল হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, নিম্নচাপটির গতিপ্রকৃতির উপর নজর রাখা হচ্ছে। এটি শেষপর্যন্ত কোনদিকে যায় দেখা হচ্ছে তা। আপাতত বুধ ও বৃহস্পতিবার উপকূলবর্তী দুই ২৪ পরগনার কোনও কোনও স্থানে হালকা বৃষ্টি হতে পারে।
আজ সোমবার রাজ্যের সর্বত্র আকাশ আরও পরিষ্কার হবে। বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। আগের নিম্নচাপটি দক্ষিণবঙ্গের উপর থেকে সরে গিয়ে আরও দুর্বল হয়ে বাংলাদেশের দিকে চলে গিয়েছে। নিম্নচাপের প্রভাব কাটার পর রবিবার থেকে উত্তর দিক থেকে আসা শুকনো বাতাস কিছুটা সক্রিয় হয়েছে। তবে তার সুবাদে তাপামাত্রা এখনই অনেকটা হ্রাসের আশা কম। বলছেন আবহাওয়াবিদরা। নভেম্বর মাসে রাজ্যে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকারই সম্ভাবনা। তাদের দীর্ঘকালীন পূর্বাভাসে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর।