


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দলের জেলাভিত্তিক ছাত্র সংগঠনে একাধিক রদবদল করল তৃণমূল। বুধবার তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতিদের নামের তালিকা প্রকাশ করা হয়। তাতে দেখা গিয়েছে, ছাত্র নেতাদের সম্পর্কে সব দিক খোঁজ-খবর নিয়ে রদবদল হয়েছে। দক্ষিণ কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলেন সার্থক বন্দ্যোপাধ্যায়। সেখানে নতুন দায়িত্ব পেয়েছেন মহম্মদ সাব্বির আলি। সার্থক যুব সংগঠনের দায়িত্বে রয়েছেন। ফলে ছাত্র থেকে সার্থককে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণ কলকাতা ল কলেজে ধর্ষণের অভিযোগের ঘটনা নিয়ে তোলপাড় পড়েছিল রাজনীতিতে। সেইসময় সার্থকের সম্পত্তি নিয়ে একাধিক অভিযোগ তুলেছিল বিজেপি। পাশাপাশি, দক্ষিণ কলকাতা ছাড়াও কলকাতা উত্তর ও কলকাতা মধ্য তৃণমূল ছাত্র পরিষদের সংগঠনেও বদল আনা হয়েছে। এছাড়া রাজনীতির ময়দানে আলোড়িত জেলা বীরভূমেও তৃণমূল ছাত্র পরিষদ পদে বদল আনা হয়েছে। নতুন দায়িত্ব পেয়েছেন ঋতুপর্ণা সিংহ। আগে ছিলেন বীরভূম জেলায় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলেন বিক্রমজিৎ সাউ। পুলিশ অফিসারকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেইসময়ই দল বিক্রমজিতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়। এবার আর তাঁকে তৃণমূল ছাত্র সংগঠনে ফেরানো হল না। পাশাপাশি দমদম-বারাকপুর সাংগঠনিক জেলায় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদে নতুন মুখ সৌম্যদীপ ঘোষ। বিরাটির বাসিন্দা স্বচ্ছ ভাবমূর্তির সৌম্যদীপকে সামনে এনে ছাত্র সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দিয়েছে তৃণমূল। এখানে আগে এখানে টিএমসিপি সভাপতি ছিলেন বাণীব্রত চক্রবর্তী। তৃণমূল নেতৃত্ব বলছেন, আগামী বিধানসভা নির্বাচনে ছাত্র সংগঠনের বড়োসড়ো ভূমিকা থাকবে। দলের প্রচারে গুরু দায়িত্ব পালন করবেন তৃণমূল ছাত্র নেতারা। ফলে জেলাভিত্তিক মুখ ঠিক করে আগামীদিনে সংগঠন আরও শক্তিশালী করছে তৃণমূল। দলের অন্দরে এমন খবরও রয়েছে, ছাত্র সংগঠন থেকে উঠে আসা কোনও মুখকে প্রার্থী করা হতে পারে।