


পাটনা, ১৫ এপ্রিল: বিহারের রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু হলো আজ থেকে। এই প্রথম বিহারে মুখ্যমন্ত্রী হলেন বিজেপির কোন নেতা। আজ, বুধবার রাজভবনে বিহারের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সম্রাট চৌধুরী। প্রসঙ্গত ১৬ ই মার্চ রাজ্যসভার ভোটে জিতে সংসদ হন নীতিশ কুমার। এরপরই মুখ্যমন্ত্রীদের পথ থেকে ইস্তফা দেন জেডিইউ নেতা। নীতীশের ইস্তফার ফলে বিহারে তার জোট সঙ্গী বিজেপির সামনে খুলে গেল মুখ্যমন্ত্রীত্বের দরজা।
২০০০ সাল থেকে কখনো এককভাবে, কখনো বিজেপির জোট সঙ্গী হয়ে আবার কখনো কংগ্রেস, আরজেডির জোট সঙ্গী হয়ে বিহারের মসনদে বসেছেন নীতিশ কুমার। বিহারে তাকে বলা হয় ‘সুশাসন’ বাবু। নীতীশ কুমারের জায়গায় সম্রাট চৌধুরী মুখ্যমন্ত্রীর পদে বসার ফলে বিহারের রাজ্য রাজনীতিতে সূচনা হলো এক নতুন অধ্যায়। ভারতের গোটা হিন্দি বলয়ের সব রাজ্য বিজেপির মুখ্যমন্ত্রী থাকলেও, বিহার এতদিন সেই তালিকায় ছিল না। তাও এবার পূর্ণ হল। তবে সরকারে বিজেপির জোটসঙ্গী হিসেবে থাকছে জেডিইউও। এদিন সম্রাট চৌধুরী সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন জেডিইউর দ্বিজেন্দ্রপ্রসাদ যাদব এবং বিজয় কুমার চৌধুরীও। একটা সময় সম্রাট চৌধুরী নীতিশ কুমারের মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী পদে ছিলেন।