


নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: জমি বিবাদকে কেন্দ্র করে জোড়াখুনের ঘটনা ঘটেছিল নিউটাউনে। মোজাফ্ফর মিস্ত্রি (৫৫) এবং তাঁর ছেলে বাপিকে (২৬) কুপিয়ে খুন করা হয়েছিল। মোজাফ্ফরের স্ত্রী হাসনুয়ারা বেগমকেও কোপানো হয়েছে। তিনি চিকিৎসাধীন। ওই ঘটনায় আগেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার ওই জোড়াখুনের ঘটনায় মোজাফ্ফরের ভাই তথা অন্যতম অভিযুক্ত মাতব্বর মিস্ত্রিকে গ্রেপ্তার করল টেকনোসিটি থানার পুলিশ। রবিবার রাতে নদীয়া জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। খুনের পর থেকে সে পলাতক ছিল। এ নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬।
নিউটাউনের পাথরঘাটা ছাপনায় রাস্তার ধারে মোজাফ্ফর ওরফে মনা এবং তাঁর ভাইদের জমি রয়েছে। সেই জমিতে মোজাফ্ফর একটি বাড়ি তৈরি করছিলেন। ওই জমি নিয়ে মোজাফ্ফরের সঙ্গে তাঁর ভাই মাতব্বরের গন্ডগোল চলছিল। অভিযোগ, ২১ জুলাই বিকালে মাতব্বর, তার দুই ছেলে
সুরাবুদ্দিন ওরফে চন্টু এবং তাহাজুউদ্দিন ওরফে মিন্টু, মাতব্বরে স্ত্রী এবং দুই বউমা মিলে মোজাফ্ফরের বাড়িতে হামলা চালায়। কুড়ুল দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করা হয় মোজাফ্ফর এবং তাঁর ছেলে বাপিকে। মোজাফ্ফরের স্ত্রী এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এলাকার বাসিন্দাদের ধৃতদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি তুলেছেন।
পুলিশ জানিয়েছে, খুনের পরই মাতব্বরের দুই অভিযুক্ত ছেলে, দুই বউমা এবং স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল। মাতব্বর পালিয়ে গিয়েছিল। তাকেও গ্রেপ্তার করা হল। এই ঘটনায় ওই ছ’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। সবাইকে গ্রেপ্তার করা হল।