


অলকাভ নিয়োগী, বিধাননগর: কখনও কোমলগান্ধার, কখনও প্রাচীন ভারতের একখণ্ড সময়, কখনও আবার ফুলের ভিড়ে হারিয়ে যাওয়া। বয়স মাত্র ৫ বছর হলেও অভিনব থিম, নতুন ভাবনায় নিজস্ব জায়গা করে নিয়েছে স্মার্ট সিটি নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব। উৎসব প্রিয় হাজার হাজার দর্শনার্থী এখন নিউটাউন যান এই পুজোর আকর্ষণে। এবার তাদের থিম ‘পদ্ম-ভূষণ’। জাতীয় ফুল পদ্মের পবিত্র রূপে সেজে উঠবে মণ্ডপ, সেজে উঠবেন দুর্গা। এবার এই পুজোর উদ্বোধনে আমন্ত্রণ করা হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। বুধবার পিএমও’তে চিঠি পাঠানো হয়েছে। এখন নয়াদিল্লি থেকে গ্রিন সিগন্যালের অপেক্ষায় উদ্যোক্তারা।
এবার ৫ বছরে পড়ল এই পুজো। রাজ্যে পালাবদল ঘটেছে। তবে পুজো কমিটি বদল হয়নি। কারণ নিউটাউনের আবাসিকদের নিয়েই পুজো শুরু হয়েছিল। তাঁরাই রয়েছেন। তবে এবার এই পুজোর প্রধান উপদেষ্টা রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদারও পুজোর দায়িত্বে রয়েছেন। তাঁরা দু’জন তদারকিও করছেন। তাতে খুশি কমিটির লোকজন। তবে রাজারহাট-নিউটাউনের বিধায়ক পীযূষ কানোরিয়া কমিটিতে নেই। এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পর পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে এ রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতায় আন্তর্জাতিক যোগদিবসে অংশ নিয়েছিলেন। এবার পুজোয় বেশ কিছু কমিটি তাঁকে চাইছে। কারণ পালাবদলের পর এবার প্রথম দুর্গাপুজো।
কলকাতার উপকণ্ঠে সেজে উঠছে নিউটাউন। এই স্মার্ট সিটিতে এখন কয়েক লক্ষ মানুষের বসবাস। এই শহরে হাইরাইজ ও একাধিক আবাসন আছে। বিভিন্ন আবাসনে বহুবছর ধরে দুর্গাপুজো হয়। কিন্তু এই শহরে বিগ বাজেটের কোনো সর্বজনীন পুজো ছিল না। আবাসিকদের জন্য ২০২২ সালে নিউটাউনের সিটি স্কোয়ারের মাঠে শুরু হয় নিউটাউন সর্বজনীন দুর্গোৎসবের পথচলা। প্রথম বছরের পর দ্বিতীয় বছর থেকে কলকাতার পুজোর তালিকায় নিজস্ব জায়গায় করে নেয় নিউটাউন। দর্শনার্থীদের ভিড়, উচ্ছ্বাস তা প্রমাণ করেছে বলে দাবি।
নিউটাউন সর্বজনীনের এবারের থিম ‘পদ্ম-ভূষণ’। জাতীয় ফুলের ছোঁয়ায় ফুটে উঠবে মণ্ডপ। দুর্গাপুজোতে ১০৮টি পদ্মফুল লাগে। দেবীর চরণে অঞ্জলি দেওয়া হয়। সবমিলিয়ে গোটা পুজো এবার পদ্মময়। নিউটাউন সর্বজনীন দুর্গোৎসবের সম্পাদক সমরেশ দাস বলেন, পদ্ম-ভূষণ একটা অভিনব থিম। পঞ্চায়েতমন্ত্রী এবার আমাদের প্রধান উপদেষ্টা। এবার উদ্বোধনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা সকলে চাই তাঁর হাত দিয়েই মায়ের পুজোর সূচনা হোক।
তদারকিতে সস্ত্রীক দিলীপ ঘোষ।