


মুম্বই: এবার সিবিআইয়ের জালে ফেরার ব্যবসায়ী নীরব মোদির ঘনিষ্ঠ সন্দীপ মিস্ত্রি। বহু কোটি টাকার পিএনপি কেলেঙ্কারি মামলায় তাঁকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সংযুক্ত আরব আমিরশাহি থেকে সোমবার প্রত্যর্পণের পর মঙ্গলবার মুম্বইয়ে মিস্ত্রিকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়। ধৃতকে পেশ করা হয় বিশেষ সিবিআই আদালতে। তবে সিবিআই এদিন মিস্ত্রিকে নিজেদের হেপাজতে নিতে জোরালো দাবি না জানানোয় তাঁকে ৬ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেপাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
২০২৫ সালের নভেম্বরে বিশেষ আদালত মিস্ত্রির বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছিল। তার ভিত্তিতেই আমিরশাহি থেকে প্রত্যর্পণের পর তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। নীরব মোদির হংকংয়ের সংস্থা ফ্যান্সি ক্রিয়েশনস লিমিটেডের ডিরেক্টর ছিলেন মিস্ত্রি। সিবিআইয়ের অভিযোগ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রায় ৬ হাজার ৪৯৮.২০ কোটি টাকা প্রতারণায় নীরব মোদি, মিস্ত্রি ও অন্যান্য অভিযুক্তরা অপরাধমূলক ষড়যন্ত্রে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।