


পাটনা: রাজ্যসভায় যাচ্ছেন নীতীশ কুমার। ইতিমধ্যে মনোনয়ন পেশ করেছেন জেডিইউ সুপ্রিমো। এহেন পরিস্থিতিতে বিহারের উপমুখ্যমন্ত্রী হবেন নীতীশ-পুত্র নিশান্তই। পরিষদীয় দলের বৈঠকে সেই সিদ্ধান্তে সিলমোহর পড়েছে। শনিবার এমনটাই দাবি করলেন নীতীশ কুমারের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত হরনৌতের জেডিইউ বিধায়ক হরি নারায়ণ সিং। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর বাসভবনে পরিষদীয় দলের বৈঠক হয়েছিল। সেখানেই সর্বসম্মতভাবে নিশান্তকে নতুন সরকারের উপমুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্ভবত আজ রবিবার আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করবেন তিনি। এপ্রিল মাসে বিধান পরিষদের ন’টি আসনে উপ নির্বাচন হওয়ার কথা। তখনই বিধায়ক হিসাবে নির্বাচিত হবেন নিশান্ত। তবে এর জন্য বাবার আসনে প্রার্থী হওয়ার প্রয়োজন নেই।’ জানা গিয়েছে, আজ, রবিবারই দলে যোগদান করবেন নীতীশ-পুত্র। হরি নারায়ণ অবশ্য এও জানিয়েছেন, বিহারে নতুন করে সরকার গঠন হওয়ার সঙ্গে সঙ্গে নিশান্ত দায়িত্বভার গ্রহণ করবেন কি না, সেটা এখনই বলা সম্ভব নয়। দলীয় নেতৃত্ব সময়মতো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে জেডিইউ নাকি দু’জন উপমুখ্যমন্ত্রী চাইছে বলেই জল্পনা চলছে বিহারজুড়ে।
জেডিইউ সুপ্রিমো মনোনয়ন পেশ করার পর থেকেই বিহারে রাজনৈতিক তরজা তুঙ্গে। ক্ষমতাসীন এনডিএ শিবিরের সংখ্যাগরিষ্ঠ দল বিজেপি। বর্তমানে রাজ্যের দুই উপমুখ্যমন্ত্রীই পদ্ম শিবিরের নেতা। রাজনৈতিক মহলের দাবি, নীতীশ কুর্সি ছাড়লেই মুখ্যমন্ত্রীর পদ দখল করবে গেরুয়া শিবির। সেক্ষেত্রে উপমুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পদের দাবি জানাতে পারে জেডিইউ। এহেন পরিস্থিতিতে নীতীশ-পুত্রকে উপমুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়ে বড়োসড়ো চমক দিল নীতীশ কুমারের দল। এই পরিস্থিতিতে এনডিএ শিবিরের দ্বন্দ্ব নিয়ে সরব বিরোধীরা। আরজেডি নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর তোপ, ‘নীতীশ কুমারকে বিহার থেকে তাড়িয়ে দিচ্ছে বিজেপি। ওঁর মাথা নত করা উচিত নয়।’