


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নীতীশ কুমারের পর কে? তাঁর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার সময়কাল যতই এগিয়ে আসছে, ততই জল্পনা ও গুঞ্জন বাড়ছে। কৌতুহল বাড়ছে নীতীশ কুমারের মনোভাব নিয়েও। ১০ এপ্রিল নীতীশ রাজ্যসভায় শপথ নেবেন। শোনা যাচ্ছে, ১৪ এপ্রিলের মধ্যে ইস্তফা দেবেন তিনি। ১৫ এপ্রিল পাটনার গান্ধী ময়দানে নতুন মু্খ্যমন্ত্রী শপথ নেবেন। এবার যে বিজেপির মুখ্যমন্ত্রীই হতে চলেছে, তা নিয়ে রাজনৈতিক মহলের সংশয় নেই। কারণ সেই লক্ষ্যেই ১০ এপ্রিল সদর দপ্তরে বৈঠক হতে পারে সংসদীয় বোর্ডের। সুতরাং ১০ তারিখের পরই সিদ্ধান্ত হয়ে যাবে কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী। কিন্তু তার মধ্যেই নীতীশ কুমারের দলের তরফে জোরদার রহস্য সৃষ্টি করা হয়েছে। দলের তরফে সদর দপ্তরে পোস্টার দেওয়া হয়েছে, ‘মজবুত বিরাসত, ভবিষ্য দমদার, নিশান্ত কুমার হ্যায় তৈয়ার’। জেডিইউয়ের মুখপাত্র নীরজ কুমার বলেছেনমহান রাজনৈতিক ঐতিহ্য বহন করছেন নিশান্ত। তিনি সম্পূর্ণ যোগ্য রাজনীতিক। সর্বোচ্চ পর্যায়ের দায়িত্ব পালনে সক্ষম। নিশান্তকে তুলে ধরা কি নীতীশের অগোচরে হতে পারে? তিনি সবুজ সংকেত না দিলে কি এই ধরনের পোস্টার দেওয়া যায়? বিজেপি যেখানে মুখ্যমন্ত্রী মনোনয়নের পুরোদস্তুর প্রক্রিয়া শুরু করে দিয়েছে, সেখানে নীতীশের দলের প্রচার নতুন করে জল্পনা বাড়াচ্ছে। নীতীশ সাংসদ হয়ে যাওয়ার অর্থ, বিহার রাজনীতির রাশ সরাসরি তাঁর হাতে থাকছে না। তাই কি নিশান্তকে সামনে রেখে বিজেপির উপর চাপ বাড়ানোর কৌশল নিচ্ছে জেডিইউ? নীতীশ ইস্তফা না দেওয়া পর্যন্ত বিহার ইউনিটকে কোনও নাম নিয়ে চর্চা করতে নিষেধ করেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব।