


শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: ক্যামেরা আছে। অথচ লাইভ ফিড আসে না পুলিশের কন্ট্রোল রুমে। কারণ, ছবি সরাসরি কন্ট্রোল রুমে পাওয়ার জন্য ইন্টারনেট কানেকশনই রিচার্জ করা হয়নি। অথচ খাতায়কলমে ক্যামেরা ঠিকঠাক চলেছে। এরজন্য খরচ হয়েছে মাসের পর মাস। পালাবদলের পর পুলিশের ক্যামেরা নিয়ে তৃণমূল জমানার এহেন কেলেঙ্কারির চিত্র তথ্য উঠে এসেছে অভ্যন্তরীণ অডিটে। এরপরই নতুন ক্যামেরা বসানো সহ একাধিক পদক্ষেপ করছে রাজ্য পুলিশ।
অপরাধ নিয়ন্ত্রণ ও যানজট সমস্যা মোকাবিলায় প্রতিটি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে একাধিক ক্যামেরা বসানো হয় পুলিশের তরফে। এই ক্যামেরাগুলি থেকে লাইভ ছবি পুলিশের কন্ট্রোল রুম ও থানায় সরাসরি যাবে। যাতে কোনও অপরাধ বা দুর্ঘটনা ঘটলে, সঙ্গে সঙ্গেই তৎপর হতে পারেন পুলিশ আধিকারিকরা। রাজ্য পুলিশ সূত্রে খবর, তৃণমূল আমলে এই ক্যামেরাগুলি বসানোর পর তার দেখভাল ও রক্ষণাবেক্ষণই না করার অভিযোগ উঠেছে। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে খারাপ হওয়া ক্যামেরাগুলি সিংহভাগ জেলাই মেরামত করেনি। কোনও অপরাধের তদন্ত বা যানজটের কারণ খুঁজতে গিয়ে নিষ্ক্রিয় ক্যামেরার বিষয়টি নজরে আসছে। অথচ সেগুলির মেরামতি দেখিয়ে সরকারি কোষাগার থেকে টাকা তোলা হয়েছে। বাৎসরিক রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কোম্পানির সঙ্গে চুক্তির পূনর্নবীকরণই হয়নি। অথচ খাতায়কলমে দেখানো হয়েছে সবকিছু করা হয়েছে। খরচের হিসেবও সুন্দরভাবে দেখিয়েছে জেলাগুলি। ক্যামেরার ছবি সরাসরি থানা বা কন্ট্রোল রুমে আসার জন্য প্রথমে নেট কানেকশন করা হয়েছিল। এক বছর পার হওয়ার আগেই নেট কানেকশন রিচার্জ করা বন্ধ হয়ে যায়। যে কারণে লাইভ ফিড আসা বন্ধ হয়েছে। তাই থানা বা কন্ট্রোল রুম জানতেই পারত না এলাকায় কী হচ্ছে। অথচ নেট রিচার্জ করা হয়েছে বলে টাকা উঠে গিয়েছে মাসের পর মাস। অভ্যন্তরীণ অডিটে ধরা পড়েছে, নেট কানেকশনের জন্য সিম আবার ইস্যু করা হয়েছে কোনও সিভিকের নামে। তিনি আবার ব্যক্তিগতভাবে সেটি ব্যবহার করছেন।
এই বিষয়গুলি সামনে আসার পরই রাজ্য পুলিশের আধিকারিকরা কোন কোন জেলায় ক্যামেরা খারাপ, তার তালিকা তৈরি করেছেন। সেগুলি বাতিল করে নতুন ক্যামেরা বসবে। রক্ষণাবেক্ষণের জন্য কোম্পানির সঙ্গে নতুন করে চুক্তি করা হচ্ছে। প্রতিটি জেলাকে প্রতিদিন ক্যামেরার স্টেটাস আপডেট জানিয়ে রিপোর্ট দিতে হবে। একইসঙ্গে নেট কানেকশন ও সিম ইস্যু করা হবে জেলার নামে। প্রতি মাসে রিচার্জ হচ্ছে কি না, তার উপর নজরদারি চলবে। ক্যামেরা থেকে সরাসরি ছবি কন্ট্রোল রুমে না এলে, তার কারণও জানাতে হবে জেলাগুলিকে।