


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠান ঘিরে জটিলতার অবসান। এই ইস্যুতে দায়ের হওয়া মামলায় বৃহস্পতিবার কোনো অন্তর্বর্তী নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট। স্বভাবতই ওই অনুষ্ঠান আয়োজনে বাধা রইল না।
যোগ দিবসে কলকাতায় আসবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে ৭ দিন বন্ধ থাকছে রেড রোড। সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে দায়ের হয় মামলা। অল ইন্ডিয়া ল’ ইয়ার্স অ্যাসোসিয়েশনের তরফে এই মামলা দায়ের করা হয়েছিল।
শুনানিতে আজ, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে মামলাকারীর আবেদন খারিজ করে জানাল, রেড রোডে যোগ দিবস পালনে কোনো বাধা নেই। তবে বিকল্প পথের ব্যবস্থা করতে হবে পুলিশকে। পাশাপাশি ২১ জুন অনুষ্ঠান শেষ হওয়ার পরই সেই রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। মামলাকারী পক্ষ এবং রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
যদিও রেড রোডের পরিবর্তে ব্রিগেডে কেন এই অনুষ্ঠান আয়োজন করা হলো না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারপতিকে বলতে শোনা যায়, ‘এই অনুষ্ঠান যদি ব্রিগেডে হতো তাহলে আরো মানুষ তাতে যোগদান করতে পারতেন।’