


নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজের সম্ভাবনা নেই আগামী দিনেও। জানিয়ে দিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। জাতীয় ক্রীড়া ফেডারেশন, ভারতীয় ওলিম্পিকস সংস্থা ও স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়াকে এক সার্কুলারে এই সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয়েছে। দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানের বিরুদ্ধে না খেললেও ওলিম্পিকস সনদ ও আন্তর্জাতিক স্পোর্টিং গাইডলাইন মেনে চলা হবে। অর্থাৎ, বহুজাতীয় ক্রীড়া আসরে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। ২০৩০ সালে কমনওয়েলথ গেমস ও ২০৩৬ সালে ওলিম্পিকস আয়োজনে উদ্যোগী ক্রীড়ামন্ত্রক। সেজন্যই অনেক দেশকে নিয়ে অনুষ্ঠিত কোনো আসরে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত।
তবে ভারতে বা পাকিস্তানে গিয়ে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলার ক্ষেত্রে থাকছে নিষেধাজ্ঞা। ফলে ক্রিকেট, হকি ও দু’দেশের মধ্যে অন্য কোনো খেলার দ্বিপাক্ষিক সিরিজ হবে না। ভারত যেমন পাকিস্তানে গিয়ে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেবে না, তেমনই পাকিস্তানের কোনো দলও ভারতে আসবে না। তবে বহুজাতীয় আসরে অংশ নেওয়ার জন্য পাক খেলোয়াড়রা আসতে পারবেন ভারতের দ্বারা আয়োজিত ইভেন্টে। আবার বিদেশে পাকিস্তান রয়েছে এমন কোনো ইভেন্টে অংশ নেবে ভারত। গত আগস্টে প্রথমবার এই নীতি নেওয়া হয়েছিল। সেবার সংযুক্ত আরব আমিরশাহিতে হওয়া ক্রিকেটের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলে ভারত। পহেলগাঁওয়ে জঙ্গিহানায় ২৬ জনের মৃত্যুর পর উভয় দেশের সম্পর্ক এখন তলানিতে।