


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভয়া কাণ্ডে যারা যুক্ত, তাদের কাউকে ছাড়া হবে না। ছাড়া হবে না ওই ঘটনায় যুক্ত চিকিৎসকদেরও। ডাক্তাররা জানেন, কারা অভয়ার পোস্টমর্টেম রিপোর্ট লিখেছিলেন, কীভাবে ময়নাতদন্ত হয়েছিল, সেগুলির আবার খাতা খোলা হবে। অভীক-বিরূপাক্ষদের প্যারেডে যাওয়ার জন্য কোনো আধিকারিকেরা পুরানো তারিখে নোটিস জারি করেছিলেন সব দেখা হবে। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে দায়িত্ব নিয়েই একথা সাফ সাফ জানিয়ে দিলেন রাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। এবারের বিজয় এবং তাঁর স্বাস্থ্যমন্ত্রী হওয়ার জন্য আপামর রাজ্যবাসী এবং নিজের কেন্দ্র বিধাননগরের মানুষকে ধন্যবাদ জানান মন্ত্রী। পাশাপাশি স্মৃতিচারণ করে বলেন, আগে যখন স্বাস্থ্যভবনে যেতাম, চ্যাংদোলা করে পুলিশ তুলে বের করে দিত। আমার জন্য গেট বন্ধ হয়ে যেত। মন্ত্রী বলেন, স্বাস্থ্যে ২০-৩০ ধরনের শাখা আছে। কিন্তু জনস্বাস্থ্যে কেউ জোর দেয় না। সবদিক থেকে অবহেলিত। স্কুলশিক্ষায় তা যুক্ত করার জন্য আবেদন করবেন বলেও জানান।
এদিন দপ্তরে নিজের দায়িত্বভার গ্রহণ করেন নতুন স্বাস্থ্যপ্রতিমন্ত্রী সুমনা সরকারও। বলাগড়ের বিধায়ক সুমনা রাজনৈতিক পরিবারের মেয়ে। এদিন সাংবাদিকদের বলেন, রাজ্যের গ্রামীণ স্বাস্থ্য চূড়ান্ত অবহেলিত। সেখানকার হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রগুলির এইরকম বেহাল দশার জন্য মানুষ কলকাতা সহ রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে বাধ্য হয়ে চলে আসছেন।