


শ্রীনগর: তিন দশকের সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতির পর রবিবার রাতে শান্ত এলওসি। সাম্প্রতিক যুদ্ধ বিরতি চুক্তির পর এই প্রথম রবিবার গোলাগুলি ও শেলিংহীন রাত কাটল জম্মু ও কাশ্মীর এলাকার। এলওসি-র পাশাপাশি শান্ত ছিল ভূ-স্বর্গের অন্য সেক্টরগুলিও।
ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, পহেলগাঁও হামলার পর গত ১৯ দিনের মধ্যে এই প্রথম কোনও রাত ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। রবিবার রাতে কোনও যুদ্ধবিরতি লঙ্ঘন বা সহিংস ঘটনা ঘটেনি বলেও বাহিনীর তরফে জানানো হয়েছে।
বিশেষ বিষয় হল, গত ২৩ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত এলওসি বরাবর বিভিন্ন সেক্টরে ছোট অস্ত্রের সাহায্যে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এরপর ৭ থেকে ১০ মে পর্যন্ত পাকিস্তানের দিক থেকে ভারী শেলিংও করা হয়। চলেছে ড্রোন হামলাও। গত তিন দশকের মধ্যে সবচেয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল জম্মু ও কাশ্মীর। তবে অবশেষে দু’দেশের সম্পর্কে ফিরল স্থিতাবস্থা। ১১ মে গোলাগুলির শব্দহীন রাত কাটাল ভূ-স্বর্গবাসী। তবে পাকিস্তান নিয়ে এখনও সতর্ক রয়েছে সেনা। চালানো হচ্ছে কড়া নজরদারিও।