


ডালাস: ভাইকিংদের বক্সে তখন তাণ্ডব চালাচ্ছেন ওসুমানে ডেম্বেলে। পালটা লড়াইয়ের বদলে নরওয়ের আত্মসমর্পণ দেখে গ্যালারি ক্ষুব্ধ। ডেম্বেলেকে চ্যালেঞ্জ ছুড়তে পারতেন আর্লিং হালান্ড। কিন্তু ম্যাঞ্চেস্টার সিটির স্ট্রাইকারকে ডাগ-আউটেই বসিয়ে রাখলেন নরওয়ে কোচ। নক-আউটের আগে দলের সেরা অস্ত্রকে তুলোয় মুড়ে রাখার স্ট্র্যাটেজি কতটা সঠিক? সোশ্যাল সাইটে কোচ সল সলবাকেনকে ঘিরে সমালোচনার ঝড়। অনেকেই মনে করছেন, ফ্রান্সের বিরুদ্ধে বড় ব্যবধানে হার দলের মনোবল তুবড়ে দিতে পারে। তবু সলবাকেন নির্বিকার। মঙ্গলবার আইভরি কোস্টের বিরুদ্ধে তাঁর বড় পরীক্ষা। ভারতীয় সময় রাতে সাড়ে দশটায় নরওয়ের প্রতিপক্ষ আইভরি কোস্ট। এবার নিশ্চয়ই হালন্ডেকে বেঞ্চে রাখার বিলাসিতা দেখাবেন না নরওয়ের কোচ।
বিশ্বকাপের ইতিহাসে মাত্র দু’বার শেষ ষোলোয় পৌঁছেছে নরওয়ে। ১৯৩৮ সালের পর দীর্ঘ ব্যবধান। ছ’দশকের খরা কাটিয়ে ১৯৯৮ সালে ফের প্রি-কোয়ার্টারে পৌঁছায় নিশীথ সূর্যের দেশ। হালান্ডদের সামনে এবার সোনার সুযোগ। ওডেগার্ড, বার্গ, বার্জদের সামনে হালান্ড যেন বর্শার ফলা। ইতিমধ্যেই গ্রুপ লিগে তাঁর নামের পাশে ৪ গোল। ইরাক, সেনেগাল রক্ষণকে তুবড়ে দিয়েছেন একাই। হালান্ডকে সামলানোই আইভরি কোস্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে, এই প্রথম বিশ্বকাপের নক-আউটে উঠে এসেছে দ্রোগবার দেশ। গ্রুপে জার্মানির বিরুদ্ধে লিড নিয়েও শেষ মুহূর্তে হার মানতে হয় তাদের। কুরাসাও ও ইকুয়েডরকে বশ মানাতে অবশ্য অসুবিধা হয়নি। ফ্রাঙ্ক কেসি, পেপে, ডিয়ালোরা প্রতি-আক্রমণে দুরন্ত। জার্মানি ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়েই ভাইকিং দুর্গে ফাটল ধরাতে চায় আইভরি কোস্ট।