


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রচুর মানুষ লগ ইন করায় প্রথমদিন অর্থাৎ শুক্রবার মন্থর হয়ে পড়েছিল স্নাতকে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল। তবে এ বিঘ্ন কাটিয়ে উঠে সন্তোষজনক পরিষেবা দিতে শুরু করেছে সেটি। উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর, শনিবার দিন শেষে কলেজে ভর্তির জন্য টাকা জমা দেওয়া ছাত্রছাত্রীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। ২৫ আগস্ট পর্যন্ত চলবে ভর্তি প্রক্রিয়া। শনিবার বিভিন্ন কলেজে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য হাজিরা দিয়েছেন। রবিবার বাদ দিয়ে বুধবার পর্যন্ত ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে। এই ধাপে তিন লক্ষেরও বেশি ছাত্রছাত্রী যোগ্য বলে বিবেচিত হয়েছেন। ভর্তির হার উত্তরোত্তর বাড়বে বলে মনে করছেন উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকরা। এই পর্বে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের নিয়ে ২৯ আগস্ট থেকে ক্লাস শুরু হয়ে যাবে কলেজগুলিতে।