


সংবাদদাতা, বেলদা ও খড়গপুর: দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের অন্তর্গত নারায়ণগড়-ভদ্রক তৃতীয় লাইন সম্প্রসারণ এবং বালেশ্বর স্টেশনে ইয়ার্ড রিমডেলিংয়ের কাজ চলছে। এই উন্নয়নমূলক কাজের জেরে আগামী ২৯ জলাই থেকেই ১২ আগস্ট পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ মেমু ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও, বেশকিছু ট্রেন ঘুরপথে চালানোর নির্দেশিকা জারি করেছে রেল।
বুধবার সন্ধ্যায় জারি করা খড়্গপুর ডিভিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রায় ২০ জোড়া এক্সপ্রেস ও মেমু ট্রেন বাতিল করা হয়েছে এই দু'সপ্তাহের জন্য। এই তালিকায় রয়েছে, ৬৮০৪৯/৬৮০৫০ খড়্গপুর-ভদ্রক-খড়্গপুল মেমু, ৬৮০৫১/৬৮০৫২ বালেশ্বর-ভদ্রক-বালেশ্বর মেমু, ৬৮০২১/৬৮০২২ খড়্গপুর-বালেশ্বর-খড়্গপুর মেমু, ৬৮৪০৭/৬৮৪০৮ বালেশ্বর-ভুবনেশ্বর-বালেশ্বর মেমু, ১২৭০৩/১২৭০৪ হাওড়া-সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস, ১২৮২১/১২৮২২ হাওড়া-পুরী-হাওড়া, ২২৬০৩/২২৬০৪ হাওড়া-ভিল্লিপুরম-হাওড়া প্রভৃতি গুরুত্বপূর্ণ ট্রেন। এছাড়াও, এই ক'দিন আনন্দবিহার-পুরী নীলাচল এক্সপ্রেস, নিউ দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেসের মতো একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। বেশকিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্তও করা হয়েছে। রেলের পরিকাঠামোগত কাজের কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন খড়্গপুর ডিভিশনের জনসংযোগ আধিকারিক নিশান্ত কুমার। তবে, বহু ট্রেন বাতিল ও ঘুরপথে চলার কারণে এই শাখার যাত্রীদের যে চরম ভোগান্তির মুখে পড়তে হবে।