


কলম্বো: টি-২০ বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছে গেল পাকিস্তান ক্রিকেট দল। স্বাভাবিকভাবেই ১৫ তারিখ ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের মুখে ক্রিকেটাররা। তবে লাহোর থেকে রওনা হওয়ার আগে অধিনায়ক সলমন আগা সাংবাদিকদের বলেছেন, ‘আমরা পাক বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ। সরকার এবং বোর্ড যে সিদ্ধান্ত নেবে তা মানতে হবে আমাদের। গ্রুপে ভারত ছাড়াও তিনটি দল রয়েছে। আমরা তাদের বিরুদ্ধে জেতার চেষ্টা করব। পরের রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করাই লক্ষ্য।’ এদিকে, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা অবশ্য পাক সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। রশিদ লতিফের মতে, ‘বাংলাদেশের সঙ্গে আইসিসি যেমন আচরণ করেছে বা ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে নিয়ামক সংস্থা যেভাবে নতজানু হয়ে রয়েছে, তাতে কড়া অবস্থান নেওয়ার প্রয়োজন রয়েছে।’ শাহিদ আফ্রিদির কথায়, ‘অতীতে আমি ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে মেশানোর বিরোধী ছিলাম। কিন্তু এখন বুঝেছি যে, এটা কেন দরকার।’ মঈন খান বলেছেন, ‘বিশ্ব ক্রিকেটের স্বার্থের কথা মাথায় রেখে কীভাবে চলা উচিত, তা ভাবুক আইসিসি।’