


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার অফিসঘর কেনা বা লিজের হার বাড়ল অনেকটাই। চলতি ২০২৬ সালের প্রথম তিনমাস, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে শহরের অফিসঘর বিক্রি বা লিজ দেওয়া হয়েছে প্রায় ৪ লক্ষ বর্গফুট। ২০২৫ সালের ওই সময়ে তা ছিল প্রায় ২ লক্ষ বর্গফুট। যে জায়গাগুলি অফিসঘর হিসেবে লিজ দেওয়া হয়েছে, সেগুলির বেশিরভাগের দাম এক কোটি টাকা বা তার কম। ৫০ লক্ষ টাকার কম দামের অফিসঘর বিক্রি হয়েছে ১ হাজার ৫১৪টি ইউনিট। ৫০ লক্ষ বা তার উপর থেকে এক কোটি টাকা পর্যন্ত ইউনিট বিক্রি হয়েছে ১,৪৬৫টি। এছাড়া ৬৬০টি ইউনিট এই তিনমাসে বিক্রি হয়েছে, যেগুলির দাম ২ কোটি টাকা পর্যন্ত। ১০ থেকে ২০ কোটি টাকার মধ্যে দাম রয়েছে যে ইউনিটগুলির, সেগুলির বিক্রির সংখ্যা হল ১৩। গতবছরের ওই তিনমাসে এত দামি জায়গা অফিসঘর হিসেবে বিক্রি হয়নি।