


সংবাদদাতা, পুরাতন মালদহ: সদ্য প্রকাশিত ভোটার তালিকা থেকে পুরাতন মালদহ শহরের ৭ এবং ১৯ নম্বর ওয়ার্ড মিলিয়ে প্রায় ১ হাজার ২০০ ভোটারের নাম ডিলিট হয়েছে বলে দাবি তৃণমূল কংগ্রেসের। শুধু তাই নয়, ওই দু’টি ওয়ার্ডে প্রায় চারশো জনের নাম বিচারাধীন। যা নিয়ে ভোটাররা আতঙ্কিত। ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে আজ, রবিবার থেকে পালপাড়ায় পুরসভাগামী রাস্তায় মঞ্চ করে অনশনে বসতে চলেছেন তৃণমূল কাউন্সিলাররা। শনিবার এমনটাই জানিয়েছেন আইএনটিটিইউসি জেলা সভাপতি তথা ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিশ্বজিৎ হালদার। তাঁকে সমর্থন করেছেন ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শক্রঘ্ন সিনহাও। ওই অনশন মঞ্চে ভুক্তভোগী ভোটার, জেলা এবং শহর তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব থাকবে বলে জানা গিয়েছে। বিশ্বজিত্ বলেন, আমার ওয়ার্ডে কয়েকটি বুথ মিলিয়ে সাতশো ভোটারের নাম বাদ গিয়েছে। তাঁরা আমাকে পুরসভা ভোটে নির্বাচিত করেছেন। এনিয়ে কথা বলতে এসে অনেকে কেঁদে ফেলছেন। তাঁদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতেই আমাদের এই কর্মসূচি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৭ এবং ১৯ নম্বর ওয়ার্ড মিলিয়ে ৯টি বুথ মিলিয়ে প্রায় সাড়ে ছয় হাজারের বেশি ভোটার। তাঁদের মধ্যে এই বিপুল ভোটারের নাম বাদ পড়েছে এবং বিচারাধীন রয়েছেন প্রচুর।
এদিন শহরের পালপাড়া সংলগ্ন এলাকায় একাধিক দোকানে গিয়ে কথা বলে তৃণমূল নেতৃত্ব। ৭ নম্বর ওয়ার্ডের দেওয়াল লিখনের পর সেখান অনশনের বিষয়টি আলোচনা হয়। কাউন্সিলার শক্রঘ্ন বলেন, এসব বিজেপির চক্রান্ত। মানুষকে বিপদে ফেলতে এমন কাজ করছে। আমার ওয়ার্ডে পাঁচশো জনের নাম বাদ পড়েছে। প্রতিবাদে আমিও থাকব অনশনে।
অভিযোগ প্রসঙ্গে উত্তর মালদহের বিজেপির সাধারণ সম্পাদক সুজিত দাস বলেন, খোঁজ নিয়ে দেখা হবে। তবে ওই এলাকার অনেকে ঠিকমতো ফর্ম পূরণ করেননি। তাঁরা সঠিক তথ্য দিতে পারেননি বলে মনে হয়। আমরাও চাই বৈধ ভোটারদের নাম উঠুক। এটা বিজেপির বিষয় নয়। নির্বাচন কমিশন পুরো কাজ করছে।