


সংবাদদাতা, জঙ্গিপুর: সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিজনক মন্তব্য এবং ছবি পোস্ট করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। আর ঠিক সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেপ্তার করল সামশেরগঞ্জ থানার পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সামশেরগঞ্জের চাঁদপুর বাজার এলাকায় গোপন সূত্রে অভিযান চালিয়ে ধৃতকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান ওরফে সাদ্দাম শেখ (৩২)। অভিযুক্তের বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় থানার অন্তর্গত সাকারঘাট এলাকায়। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রীকে অপমান করে কুরুচিকর ও আপত্তিজনক পোস্ট করেছিল ওই যুবক। এই গোটা বিষয়টি নজরে আসতেই তদন্তে নামে সামশেরগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত বাংলা ও ঝাড়খণ্ড সীমান্ত সংলগ্ন সামশেরগঞ্জের চাঁদপুর বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল বলে জানা গিয়েছে। ঠিক তখনই বিশেষ নজরদারি চালিয়ে ওই অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। ধৃতকে ধরে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।