


কলকাতা, ৩০ জুন: বাংলার বহু গ্রামে এখনও পানীয় জলের সমস্যা আছে। প্রতি বছর গরমে তা আরও চরমে পৌঁছয়। এই পরিস্থিতিতে জল জীবন মিশনের কাজে গতি আনতে বিশেষ তৎপর হল রাজ্যের বিজেপি সরকার। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে রাজ্যের ৪ হাজার ১০০টি গ্রামে নলবাহিত পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তাঁর দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিলেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী অজয়কুমার পোদ্দার। পাশাপাশি এই সময়ের মধ্যে কাজ শেষের সংশাপত্র জমা দিতে হবে বলেও জানিয়েছেন তিনি।
আজ, মঙ্গলবার নবান্নে নিজের দপ্তরের পদস্থ আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী। যেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য এবং দপ্তরের সচিব রণধীর কুমার। এদিনের বৈঠকে দপ্তরের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি নিয়ে বিশদ খোঁজখবর নেন অজয়বাবু। প্রকল্পগুলির কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার উপরে বিশেষ জোর দেন তিনি। পাশাপাশি গুরুত্ব দেন পানীয় জল পরিষেবাকে আরও কার্যকর ও শক্তিশালী করার উপরে।
এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এবছরের জুলাইয়ের মধ্যে রাজ্যে ৪ হাজার ১০০টি গ্রামে জল জীবন মিশনের আওতায় কাজ সম্পূর্ণ শেষ করা হবে। এছাড়া আগামী পাঁচ বছরের ‘ভিশন প্ল্যান’ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। স্বল্পমেয়াদি প্রয়োজনের কথা মাথায় রেখে এক বছরের অ্যাকশন প্লানও চূড়ান্ত করা হয়েছে বৈঠকে।