


নয়াদিল্লি: পহেলগাঁওয়ের হত্যালীলা ‘বিচ্ছিন্নতাবাদী হামলা’ (মিলিট্যান্ট অ্যাটাক)। একটি মার্কিন কমিশনের বার্ষিক রিপোর্টে এমনই মন্তব্য করা হয়েছে। শুধু তাই নয়, অপারেশন সিন্দুর পর্বে চার দিনের সংঘাতে ‘পাকিস্তানের সামরিক সাফল্যে’র দাবিও করা হয়েছে ওই রিপোর্টে। বুধবার মার্কিন কংগ্রেসে পেশ হয়েছে ‘আমেরিকা-চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পুনর্মূল্যায়ন কমিশনে’র এই রিপোর্ট। এই মার্কিন রিপোর্ট ঘিরে ভারতে রাজনৈতিক প্রতিক্রিয়া তুঙ্গে। এব্যাপারে নরেন্দ্র মোদি সরকারকে বৃহস্পতিবার তীব্র আক্রমণ করেছে বিরোধীরা। কংগ্রেসের তোপ, মার্কিন কংগ্রেসের এই রিপোর্টে ফের বড় ধাক্কা খেল ভারতীয় কূটনীতি। রিপোর্টের বয়ান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশ দপ্তরের তরফে সরকারিভাবে আমেরিকার কাছে আপত্তি ও প্রতিবাদ জানানো হবে কি না, সেই প্রশ্নও তুলেছে কংগ্রেস। সরব তৃণমূল কংগ্রেসও।
তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ বলেছেন, ‘অত্যন্ত বেদনাদায়ক। ভারতের সাফল্য তুলে ধরার ক্ষেত্রে মোদি সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ হল কেন? সংসদে এর উত্তর দিতে হবে কেন্দ্রকে।’ সুর চড়িয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশও। তাঁর তোপ, মার্কিন প্রেসিডেন্ট এখনও পর্যন্ত মোট ৬০ বার দাবি করেছেন যে, তিনিই অপারেশন সিন্দুর বন্ধ করিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী এবিষয়ে সম্পূর্ণ নীরব। এরমধ্যে আবার আমেরিকা-চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পুনর্মূল্যায়ন কমিশনের রিপোর্ট সামনে এসেছে। তা ভারতের কাছে কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।