


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মিগুয়েলের থেকে পাওয়া বল শ্যুট করতে যাচ্ছিলেন ইউসেফ এজেজ্জারে। সেই সময় গর্জে উঠল যুবভারতীর গ্যালারি। ওদিকে তখন ম্যাকলারেনের গোলে লিড নিয়েছে মোহন বাগান। গর্জন লক্ষ্য করে নজর ঘোরালেন ইস্ট বেঙ্গলের নবাগত বিদেশি। তিনিও স্ট্রাইকার। হয়তো বুঝলেন, সদস্য-সমর্থকদের কাছে গোলের মূল্য কতখানি।
সোমবার আইএসএলে যাত্রা শুরু করবে ইস্ট বেঙ্গল। ঘরের মাঠে মশাল বাহিনীর প্রতিপক্ষ নর্থ-ইস্ট ইউনাইটেড। কিন্তু ম্যাচের ৪৮ ঘণ্টা আগে চোট চিন্তায় কাবু লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ। চোটের কারণে ছিটকে গিয়েছেন রক্ষণের প্রধান ভরসা কেভিন সিবলে। ইস্ট বেঙ্গল ডিফেন্সে তিনিই ছিলেন সেরা ভরসা। এই কম সময়ে সেই জায়গা ভরাট করাই বড় চ্যালেঞ্জ স্প্যানিশ কোচের কাছে। চোটের তালিকায় রয়েছেন নাওরেম মহেশ ও রাকিপও। সেটাও কম ধাক্কা নয় ব্রুজোঁর কাছে। এদিন মাঠে এলেও অনুশীলন করেননি লাল-হলুদ সাইড ব্যাক। তবে হা-হুতাশ করে লাভ নেই তা বিলক্ষণ জানেন অভিজ্ঞ স্প্যানিশ কোচ। তাই মজুত অস্ত্র দিয়েই নর্থইস্ট বধের ছক কষছেন অস্কার।
শনিবার বিকালে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে প্রস্তুতি সারল ইস্ট বেঙ্গল। দলকে দু’ভাগে ভাগ করে ছোটো মাঠে সিচুয়েশন প্র্যাকটিস করালেন কোচ ব্রুজোঁ। রক্ষণে আনোয়ারের পাশে জিকসনকে রেখে অনুশীলন করালেন তিনি। আক্রমণে দেখে নিলেন এজেজ্জারিকেও। বোঝাই যাচ্ছে, প্রথম ম্যাচেই অস্কারের পরিকল্পনায় রয়েছেন স্প্যানিশ স্ট্রাইকার। এই ইস্ট বেঙ্গলের প্রধান ভরসা মাঝমাঠ। সাউল ক্রেসপো ও মিগুয়েল ছন্দে থাকলে গোল পেতে অসুবিধা হবে না। তাই প্র্যাকটিসের শেষে দুই বিদেশি মিডিওর সঙ্গে আলাদা করে কথাও বলে নিলেন স্প্যানিশ বস। এদিকে, এদিন ইস্ট বেঙ্গল ক্লাব তাঁবুতে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল প্রয়াত ফুটবলার কৃশানু দের জীবনী। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার থেকে ক্লাব কর্তারা। উল্লেখ্য, এদিনই ছিল শিল্পী ফুটবলারের জন্মদিন।