


মুম্বই, ১৮ সেপ্টেম্বর: ২০২৭ অস্কারে মনোনীত হল মারাঠি ছবি গোন্ধল। পরিচিত মুখ না থাকার পরও ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল এই ছবিটি। জিতে নিয়েছিল দর্শকদের মন। এরপর আজ, শুক্রবার ৯৯তম আকাদেমি অ্যাওয়ার্ডে ভারত থেকে আনুষ্ঠানিকভাবে মনোনীত হল এই ছবিটি। জানিয়েছে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া। এটির পরিচালক সন্তোষ দাভাকার। ছবির পটভূমি মূলত মহারাষ্ট্রের গ্রামীণ জীবন নিয়েই। এক নব দম্পতিকে কেন্দ্র করে হওয়া আচার অনুষ্ঠানকে নিয়েই সিনেমার ঘটনাক্রম প্রবাহিত হয়েছে। এছাড়া রয়েছে প্রেম এবং জটিল সম্পর্কের টানাপোড়েনের কাহিনীও। ড্রামা এবং থ্রিলারধর্মী কার্যক্রমের যে মেলবন্ধন পরিচালক ঘটিয়েছেন তা সত্যিই তারিফযোগ্য। এই ছবিতে অভিনয় করেছেন, কৈলাশ ওয়াঘমারে, মাধবী জুভেকার, সুরেশ বিশ্বকর্মা, কিশোর কদম, ঈশিতা দেশমুখ, অনুজ প্রভু, যোগেশ সোহনি, ঐশ্বর্য শিন্ডে, পুনম পাতিল এবং নিশাদরা।
ছবি বাছাই কমিটির চেয়ারম্যান পি শেষাদ্রি জানিয়েছেন, প্রায় ৩৩ ছবির তালিকা থেকে গোন্ধল-কে ২০২৭ সালের অস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে। ওই তালিকায় ছিল তেলেগু, তামিল, গুজরাতি, হিন্দি, মালয়ালম-সহ বিভিন্ন ভাষার ছবি। কিন্তু শেষমেশ গোন্ধলকেই বেছে নেওয়া হয়। পাশাপাশি দেশের ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বা আইএফএফআই-তে এই ছবিটি গোল্ডেন পিকক পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিল। এছাড়া পুনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও গোন্ধল শ্রেষ্ঠ পরিচালক এবং শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের পুরস্কার অর্জন করেছিল। পরবর্তীকালে থার্ড আই এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও এটি শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পায়।