


নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দিনভর চেষ্টার পরও আজ, সোমবার লাচেনে আটকে পড়া পর্যটকদের ফেরানো সম্ভব হয়নি। প্রায় এক হাজারেরও বেশি পর্যটক আটকে রয়েছেন লাচেনে। মঙ্গন জেলা প্রশাসনের তরফে বিপর্যয় মোকাবিলা বিভাগের আধিকারিক অর্পন ছেত্রী জানিয়েছেন, ডংকিয়া লা পাসের রাস্তায় জমে থাকা বরফ সরানোর চেষ্টা চলছে। কিন্তু দীর্ঘদিন ওই পথ ব্যবহার না হওয়ায় মোটা বরফের আস্তরণ জমে রয়েছে রাস্তায়। ফলে বরফ সরাতে কিছুটা সময় লাগবে।
অন্যদিকে, নীচের রাস্তা ধসের জেরে পুরোপুরি ভাবে বিচ্ছিন্ন। এরইমধ্যে নাগাড়ে বৃষ্টি হচ্ছে। পর্যটকদের হোটেলের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। তবে রেশন মজুত থাকলেও হোটেলে রান্নার গ্যাসের সংকট দেখা দিয়েছে। এছাড়া রাস্তা ঠিক না হওয়া পর্যন্ত গ্যাসের সিলিন্ডারও পৌঁছতে পারবে না। সেই কারণে কাঠের উনুন জ্বেলে আটকে পড়া পর্যটকদের জন্য রান্নার ব্যবস্থা করা হচ্ছে।