


সুকান্ত গঙ্গোপাধ্যায়, কোচবিহার: আগামী ১৪ মার্চ কলকাতায় বিজেপির ব্রিগেড সমাবেশ। সেখানে মঞ্চ বাঁধার কাজ চলছে। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ব্রিগেডের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসার কথা। কিন্তু ওই বিরাট আয়োজনের চার দিন আগেও কোচবিহার থেকে কত লোক যেতে পারে তার কোনও আভাস দিতে পারলেন না দলের জেলা সভাপতি অভিজিৎ বর্মন। তাঁর দাবি, জেলার কিছু বুথ থেকে কর্মী সমর্থক যাওয়ার হিসাব এলেও সব বুথ থেকে এখনো সেই সংখ্যা আসেনি।
গত সপ্তাহে কোচবিহারের রাসমেলা ময়দান থেকে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা অনুষ্ঠান কার্যত ফ্লপ হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এলেও সভায় পর্যাপ্ত ভিড় ছিল না। বিশেষ করে তিনি যখন ভাষণ দিচ্ছিলেন তখন প্রথম সারির অনেক চেয়ারই ফাঁকা হয়ে যায়। এরপর ৫ মার্চ বিজেপির রথযাত্রা হয় কোচবিহারে। সেখানেও গুটিকয়েক নেতা রথে এবং কিছু নেতা-কর্মী ৩০-৩৫টি গাড়িতে ছাড়া রাস্তায় সেভাবে লোকজন দেখা যায়নি। পাশাপাশি ভোটের মুখে জেলাজুড়ে বিজেপির সেইঅর্থে কোনো কর্মসূচি এখনো নেই। এরই মাঝে বিজেপির ব্রিগেড সমাবেশ আগামী শনিবার। কিন্তু জেলা সভাপতি নিজেই বলতে পারছেন না, জেলা থেকে কত মানুষ সেখানে যাবে। আবার রাজ্য থেকেও কোনো টার্গেট দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে জেলায় বিজেপির যে ছন্নছাড়া অবস্থায়, তা এক প্রকার স্পষ্ট হয়ে উঠছে।
মঙ্গলবার বিজেপির কোচবিহার জেলা সভাপতি বলেন, ব্রিগেড সমাবেশের জন্য আমাদের প্রস্তুতি চলছে। রাজ্য থেকে লোক নিয়ে যাওয়ার কোনো টার্গেট দেওয়া হয়নি। তবে আমরা কোচবিহার থেকে যথেষ্ট সংখ্যক লোক নিয়ে যাব। সব বুথ থেকে সেই হিসাব এখনো আসেনি। তালিকা তৈরি হচ্ছে। সব তালিকা হাতে এলেই চূড়ান্ত সংখ্যাটা বলতে পারব। ব্রিগেড বাদে আমাদের আপাতত কোনো কর্মসূচি নেই।
জেলার সভায় লোক হচ্ছে না কেন, প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাসমেলা ময়দানের সভায় যথেষ্ট লোক হয়েছিল।
প্রসঙ্গত, কোচবিহারে বিজেপির ছ’জন বিধায়ক রয়েছেন। এর আগে ব্রিগেডের সভার আগে থেকেই বিজেপির সাজো সাজো রব কোচবিহারে দেখা গিয়েছে। কিন্তু এবার সেসবের কিছুই এখনো নেই। এদিকে, হাতে আর চার দিন সময়।